এবার নদীতে খুঁটি ছাড়াই নির্মিত হবে ২৫৬টি দীর্ঘ সেতু

সময়ের আলো ডেস্ক

জাতীয়

নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ঠিক রাখতে দীর্ঘ সেতু নির্মাণের ক্ষেত্রে মাঝনদীতে কোনো খুঁটি স্থাপন করা হবে না। এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন

2026-11-18T18:15:14+00:00
2026-11-18T18:15:14+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
জাতীয়
এবার নদীতে খুঁটি ছাড়াই নির্মিত হবে ২৫৬টি দীর্ঘ সেতু
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৬:১৫ পিএম 
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি। সংগৃহীত ছবি
নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ঠিক রাখতে দীর্ঘ সেতু নির্মাণের ক্ষেত্রে মাঝনদীতে কোনো খুঁটি স্থাপন করা হবে না। এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি।

তিনি বলেন, এ ধরনের সেতু নির্মাণে দেশীয় প্রকৌশলীদের দক্ষতা বাড়াতে বিদেশি প্রশিক্ষক এনে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে প্রকৌশলীদের বিদেশেও প্রশিক্ষণের জন্য পাঠানো হবে।  

বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। 

উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পের বিষয়ে বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, নদীর মাঝখানে খুঁটি ছাড়া সেতু নির্মাণের অভিজ্ঞতা বাংলাদেশের প্রকৌশলীদের তুলনামূলক কম। এ প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন জেলায় মোট ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণ করা হবে। প্রতিটি সেতুর দৈর্ঘ্য হবে ১০০ মিটারের বেশি। নদীর পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে সেতুগুলো নির্মাণের সময় মাঝনদীতে কোনো খুঁটি না বসানোর সিদ্ধান্ত নিয়েছে একনেক।

তবে ২৫৬টি সেতুর মধ্যে ৯৮টির সম্ভাব্যতা যাচাই বা সমীক্ষা ছাড়াই কীভাবে প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পরিকল্পনা কমিশনের কৃষি, পল্লী উন্নয়ন ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সচিব কবির আহামদ বলেন, এসব সেতুর সমীক্ষা সম্পন্ন হওয়ার পরই বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। সমীক্ষা শেষ হওয়ার আগে কোনো কাজ শুরু করা হবে না।

সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, বুধবারের একনেক সভায় মোট ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন থেকে আসবে ৩২ হাজার ৮৬৪ কোটি টাকা, প্রকল্প ঋণ হিসেবে পাওয়া যাবে ৪২৪ কোটি টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে ১০ কোটি টাকা।

জোনায়েদ আবদুর রহিম সাকি বলেন, গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে সরকার বেশ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহারেও গ্রামীণ অর্থনীতিকে চাঙা করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

সামনে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা শুধু শহরকেন্দ্রিক নয়, গ্রামের মানুষের কথাও বিবেচনায় রাখা হয়েছে। গ্রামেও মানুষ বসবাস করে। গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতেই এসব প্রকল্প নেওয়া হয়েছে।


একনেক সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্প; জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত); ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন; সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন; বৃহত্তর যশোর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন; পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায় (দ্বিতীয় সংশোধিত); দাশেরকান্দি পয়োশোধনাগারের জন্য পয়োবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ (ফেজ-১); দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে নিষ্কাশন ও সেচসুবিধা বৃদ্ধি; জামালপুর জেলার ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ এবং সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা রক্ষা (প্রথম পর্যায়)।

এ ছাড়া অনুমোদন পাওয়া অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে মেট্রো ঢাকা প্রকল্পের আওতায় গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ (প্রথম পর্যায়)।

এ তালিকায় আরও রয়েছে জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন (অংশ-১); ঢাকার ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ; বাংলাদেশ বিমানবাহিনীর ঢাকায় কর্মকর্তাদের আবাসন সমস্যা সমাধানে অবকাঠামোগত উন্নয়ন; জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ এবং মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক সার্ভিস লেনসহ চার লেনে উন্নীতকরণ।

প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। 


সময়ের আলো/ইউএমএইচ 

  বিষয়:   দীর্ঘ সেতু  জোনায়েদ আবদুর রহিম সাকি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: