প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:২৬ পিএম
ছবি : সংগৃহীতদেশের ইমাম, মুয়াজ্জিন ও মসজিদসংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানি দেওয়ার কথা বলে প্রতারণার বিষয়ে সতর্ক করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।
বুধবার (১৮ নভেম্বর) সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক চক্রের সদস্যরা নিজেদের সরকারি কর্মকর্তা বা সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি বরাদ্দ কিংবা ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলছে। এ জন্য তারা বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অগ্রিম টাকা বা খরচ দাবি করছে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, এ ধরনের অর্থ দাবির সঙ্গে সংস্থাটির কোনো সংশ্লিষ্টতা নেই। সরকারি বরাদ্দ কিংবা ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা দেওয়ার নামে ফোন করে বিকাশ, নগদ বা অন্য কোনো মাধ্যমে টাকা চাওয়ার বিষয়টি সম্পূর্ণ প্রতারণামূলক ও ভিত্তিহীন। এ ধরনের অর্থ লেনদেনের কোনো নির্দেশনা ফাউন্ডেশন থেকে দেওয়া হয়নি।
বিজ্ঞপ্তিতে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সদস্য, ইমাম, মুয়াজ্জিনসহ সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের প্রতারক চক্রের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। টেলিফোনে কেউ সরকারি বরাদ্দ, বেতন-ভাতা কিংবা অন্য কোনো আর্থিক সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে টাকা চাইলে কোনো অবস্থাতেই বিকাশ, নগদ বা অন্য কোনো মাধ্যমে অর্থ না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পাশাপাশি অপরিচিত ব্যক্তির কাছে ব্যক্তিগত তথ্য, জাতীয় পরিচয়পত্রের নম্বর, ব্যাংক হিসাবের তথ্য, পিন নম্বর বা ওটিপি না দেওয়ারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।
কেউ এ ধরনের প্রতারণার শিকার হলে কিংবা প্রতারণার চেষ্টা সম্পর্কে জানতে পারলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট জেলা বা বিভাগীয় কার্যালয়ে জানানোর অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া এ ধরনের প্রতারণা সম্পর্কে সচেতন থাকতে এবং নিজ নিজ এলাকার মসজিদ পরিচালনা কমিটি, ইমাম ও মুয়াজ্জিনদের বিষয়টি জানাতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
সময়ের আলো/এসএকে