একজন উপার্জনকারীর মাসিক মজুরি যথাক্রমে ১৮ হাজার ৫৭৮ ও ২৪ হাজার ২০৪ টাকা হওয়া প্রয়োজন বলে মনে করে সংস্থাটি। ছবি : সংগৃহীতপোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে মাসে ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে আলোচনার প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির হিসাবে, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করলে ২০২৩ সালে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরির বর্তমান সমমূল্য দাঁড়ায় ১৬ হাজার ৩৫১ টাকা। তবে চার সদস্যের একটি পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখা এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য একজন উপার্জনকারীর মাসিক মজুরি যথাক্রমে ১৮ হাজার ৫৭৮ ও ২৪ হাজার ২০৪ টাকা হওয়া প্রয়োজন বলে মনে করে সংস্থাটি।
সিপিডি বলছে, পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে শুধু মালিক-শ্রমিকের দর-কষাকষির ওপর নির্ভর না করে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা ও শিল্পের সক্ষমতার ভিত্তিতে প্রমাণনির্ভর পদ্ধতি চালু করা প্রয়োজন।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬ : বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এসব হিসাব তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।
মূল প্রবন্ধে তিনি বলেন, মজুরি নির্ধারণে তিনটি পৃথক দৃষ্টিকোণ থেকে হিসাব করা হয়েছে। এগুলো হলো মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয়, দারিদ্র্যসীমার ওপরে থাকার জন্য প্রয়োজনীয় আয় এবং ন্যূনতম মানবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের ব্যয়।
নাজনীন আহমেদ বলেন, ২০২৩ সালের ডিসেম্বর থেকে কার্যকর হওয়া ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরিতে তখন যে পরিমাণ পণ্য ও সেবা কেনা সম্ভব ছিল, একই ক্রয়ক্ষমতা ধরে রাখতে ২০২৬ সালের অক্টোবরে প্রয়োজন ১৬ হাজার ৩৫১ টাকা। এ হিসাবের জন্য ২০২৩ সালের নভেম্বরের শহরাঞ্চলের ভোক্তা মূল্যসূচক ১১৮ দশমিক ৭৬ এবং ২০২৬ সালের অক্টোবরের সূচক ১৫৫ দশমিক ৩৫ বিবেচনায় নেওয়া হয়েছে। এতে মূল্যবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩০ দশমিক ৮ শতাংশ।
দ্বিতীয় হিসাবে দারিদ্র্যসীমার ওপরে একটি পরিবারকে রাখতে প্রয়োজনীয় মজুরি নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপে নির্ধারিত শহরাঞ্চলের উচ্চ দারিদ্র্যসীমা এবং পরবর্তী মূল্যস্ফীতি বিবেচনায় নেওয়া হয়েছে। সিপিডির হিসাবে, চার সদস্যের একটি পরিবারের বর্তমান উচ্চ দারিদ্র্যসীমা ২৯ হাজার ৩৫৩ টাকা। পরিবারে গড়ে ১ দশমিক ৫৮ জন উপার্জনকারী ধরে প্রত্যেকের মাসিক মজুরি প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা।
তৃতীয় হিসাবে বিবেচনা করা হয়েছে একটি পরিবারের ন্যূনতম মানবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের ব্যয়। এতে খাদ্য, পোশাক, শিক্ষা, যাতায়াত, ব্যক্তিগত পরিচর্যা, যোগাযোগ, বাসস্থান, জরুরি প্রয়োজন ও সঞ্চয়ের খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে।
সিপিডির হিসাব অনুযায়ী, চার সদস্যের একটি পরিবারের মাসিক খাদ্য ব্যয় ১৪ হাজার ১৫৪ টাকা, অন্যান্য প্রয়োজনীয় ব্যয় ১২ হাজার ২৬৭ টাকা এবং বাসাভাড়া ১০ হাজার টাকা। জরুরি প্রয়োজন ও সঞ্চয়ের জন্য আরও ১ হাজার ৮২১ টাকা ধরে পরিবারের মোট মাসিক ব্যয় দাঁড়ায় ৩৮ হাজার ২৪৩ টাকা। পরিবারে ১ দশমিক ৫৮ জন উপার্জনকারী ধরে প্রত্যেকের মাসিক মজুরি প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।
নাজনীন আহমেদ বলেন, এসব হিসাবের জন্য সিপিডি নতুন কোনো জরিপ করেনি। বিদ্যমান গবেষণা, জরিপ ও তথ্য-উপাত্তের ভিত্তিতে পরিবারের সদস্যসংখ্যা চারজন এবং উপার্জনকারীর সংখ্যা ১ দশমিক ৫৮ জন ধরা হয়েছে। বিভিন্ন গবেষণায় পরিবারের সদস্য ও উপার্জনকারীর সংখ্যায় ভিন্নতা রয়েছে। মজুরি বোর্ড পরিবারের আকার বা উপার্জনকারীর সংখ্যা ভিন্নভাবে বিবেচনা করলে হিসাবের পরিমাণও পরিবর্তিত হতে পারে।
তিনি বলেন, তিনটি হিসাবের মধ্যে মূল্যস্ফীতি সমন্বয়ের ১৬ হাজার ৩৫১ টাকা একটি ভিত্তি। তবে সিপিডির মূল আলোচনা হওয়া উচিত ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে। দীর্ঘ মেয়াদে শ্রমিকদের জীবনযাত্রার মান, পুষ্টি ও মর্যাদা নিশ্চিত করতে জীবনধারণযোগ্য মজুরি বা ‘লিভিং ওয়েজ’ নিশ্চিত করার দিকে যেতে হবে।
সময়ের আলো/কেএইচও