নিরাপদ খাদ্য আইনে সাত দিনে ২৭ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় গত সাত দিনে সারা দেশে অভিযান চালিয়ে ১৫টি প্রতিষ্ঠানকে মোট ২৭ লাখ টাকা জরিমানা করেছে

2026-11-18T13:05:35+00:00
2026-11-18T13:05:35+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
জাতীয়
নিরাপদ খাদ্য আইনে সাত দিনে ২৭ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১:০৫ পিএম 
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ছবি : সংগৃহীত
নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় গত সাত দিনে সারা দেশে অভিযান চালিয়ে ১৫টি প্রতিষ্ঠানকে মোট ২৭ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। এ সময় ১৫টি মামলা দায়েরের পাশাপাশি একজনকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় অভিযান, ভ্রাম্যমাণ আদালত এবং বিশুদ্ধ খাদ্য আদালতের মাধ্যমে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত সাত দিনে ঢাকা মহানগর এলাকায় পাঁচটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, বাধ্যতামূলক নিবন্ধন ছাড়া প্রতিষ্ঠান পরিচালনা, রেফ্রিজারেটরে লেবেলবিহীন মাছ-মাংস ও অন্যান্য খাদ্যসামগ্রী সংরক্ষণ এবং ট্রেড লাইসেন্স, খাদ্যকর্মীদের স্বাস্থ্যসনদ ও পেস্ট কন্ট্রোলের প্রমাণপত্র দেখাতে না পারার মতো অপরাধে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একটি মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে চুয়াডাঙ্গা, ফরিদপুর, সিলেট, সুনামগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, জামালপুর, বগুড়া ও কুমিল্লা জেলায় ১১টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। লেবেলবিহীন পণ্য সংরক্ষণ, পণ্য কেনার চালান দেখাতে না পারা, অননুমোদিত রাসায়নিক রং ব্যবহার, নন-ফুডগ্রেড পাত্রে খাদ্যপণ্য সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের অপরাধে প্রতিষ্ঠানগুলোকে মোট ১৭ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ১১টি মামলা দায়ের করা হয়েছে।

নাটোর ও কক্সবাজারে বিশুদ্ধ খাদ্য আদালতের পৃথক সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমে একজনকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তিনটি খাদ্যপ্রতিষ্ঠানকে মোট ৯ লাখ টাকা জরিমানা এবং দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা নেওয়া হয়েছে।


গত ১১ নভেম্বর নাটোরের দ্বারিক ভান্ডারের মালিককে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি প্রায় চার মণ কাঁচাগোল্লা ও ৫০ কেজি ছানা ধ্বংস করা হয়। অন্যদিকে, ১৪ নভেম্বর কক্সবাজারে সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমে দুটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয় এবং দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

আইন প্রয়োগের পাশাপাশি খাদ্যস্থাপনা তদারকিও জোরদার করেছে বিএফএসএ। গত এক সপ্তাহে বাজার, হোটেল-রেস্তোরাঁ, বেকারি, মিষ্টির দোকান এবং খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানসহ মোট ১০০টি খাদ্যস্থাপনা পরিদর্শন করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে খাদ্য উৎপাদন, সংরক্ষণ, পরিবেশন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনে নিরাপদ খাদ্যবিধি অনুসরণ করা হচ্ছে কি না, তা তদারকি করা হয়।

এ ছাড়া নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা বাড়াতে টেলিভিশন, বাংলাদেশ বেতার ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার কার্যক্রম চালানো হয়েছে। বাংলাদেশ টেলিভিশনে সচেতনতামূলক বিজ্ঞাপন ও স্ক্রলবার্তা এবং বাংলাদেশ বেতারে নিরাপদ খাদ্যবিষয়ক অডিওবার্তা প্রচার করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি, রিলস ও ভিডিওর মাধ্যমে সচেতনতামূলক বার্তা প্রচার করছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, সাধারণ মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে বহুমুখী কার্যক্রম পরিচালনা করছে কর্তৃপক্ষ। খাদ্য ব্যবসাপ্রতিষ্ঠানে নিয়মিত তদারকি, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, খাদ্য নমুনা পরীক্ষা ও গবেষণার পাশাপাশি জনসচেতনতা তৈরিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, খাদ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়ায় সংশ্লিষ্ট অংশীজনদের দায়িত্বশীলতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করার কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত করা হবে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   নিরাপদ খাদ্য আইন  জরিমানা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: