প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৩:৫৩ পিএম আপডেট: ২০.১১.২০২৬ ৩:৫৫ পিএম
পৌর ছাত্রলীগের উদ্যোগে শহরের ভোকেশনাল মোড় থেকে মিছিলটি বের করা হয়। ছবি : সংগৃহীত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়ে জামালপুরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের পৌর শাখার নেতাকর্মীরা। মিছিল শেষে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৮টার দিকে পৌর ছাত্রলীগের উদ্যোগে শহরের ভোকেশনাল মোড় থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজীব পরিবহণের বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৫৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মিছিলের সামনে একটি ব্যানার নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের স্লোগানের মধ্যে ছিল—‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসছে, বাংলাদেশ হাসছে’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘শেখ মুজিবের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ এবং ‘রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই’। এ ছাড়া ‘জামালপুরের মাটি, শেখ হাসিনার ঘাঁটি’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।
মিছিল শেষে অংশগ্রহণকারীরা ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজের পেছনে রাজীব বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সরে পড়েন। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।
মিছিলে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাহেদ, পৌর ছাত্রলীগের সভাপতি ফাহিম মোস্তাফিজসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঘটনার বিষয়ে জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, সেখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
সময়ের আলো/এনএন