প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৪:১৩ পিএম
গ্রেফতার ব্যক্তিরা। ছবি : সংগৃহীতমুন্সীগঞ্জে বিয়ের জন্য পাত্রী দেখানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে মো. আলমগীর (৩৯) নামে ব্যক্তিকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাই ও ভাবির বিরুদ্ধে। এক ভরি স্বর্ণালংকার আত্মসাতের বিরোধের জেরে সংঘটিত এই পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনায় বড় ভাই, ভাবিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় হত্যায় ব্যবহৃত একটি ইট ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
নিহত মো. আলমগীর মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরছড়ি গ্রামের মৃত আহম্মদ শিকদারের ছেলে। তিনি মুন্সীগঞ্জ সদরের বিনোদপুর এলাকায় ভাড়া বাসায় থেকে ফেরি করে বাদাম ও বুট বিক্রি করতেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন নিহত আলমগীরের বড় ভাই মো. জাহাঙ্গীর হোসেন, ভাবি রিনা বেগম (২৪) এবং ভাড়াটে খুনি মো. সাদ্দাম হোসেন (৩৩) ও মো. শফিকুল ইসলাম (৩৩)। গ্রেফতার সাদ্দাম হোসেন ও শফিকুল ইসলাম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পিবিআই সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর মুন্সীগঞ্জ সদর থানার বিনোদপুর এলাকার ভাড়া বাসা থেকে বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়ার কথা বলে বের হন আলমগীর। একটি অটোরিকশায় করে রিকাবী বাজার থেকে সিরাজদিখানের বালুচরের দিকে রওনা হন তারা। পথে জাহাঙ্গীরের ভাড়া করা আরও দুজন অটোরিকশায় ওঠেন। নির্জন স্থানে পৌঁছানোর পর আসামিরা আলমগীরের পকেটে থাকা টাকা ও স্বর্ণালংকার খুঁজতে থাকেন। আলমগীর চিৎকার দিলে তাকে এলোপাতাড়ি মারধর করে মাটিতে ফেলে দেওয়া হয় এবং ইট দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশ গুম করতে পার্শ্ববর্তী ইমান হোসেনের বাগানের খড়ের স্তূপের ভেতর লুকিয়ে রেখে আসামিরা পালিয়ে যান।
আলমগীর নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে মুন্সীগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের ছয় দিন পর ১৭ নভেম্বর সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিরনগর এলাকার একটি আকাশমণি গাছের বাগানে খড়ের স্তূপের ভেতর থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়।
এ ঘটনায় নিহত ব্যক্তির মা ছায়েরা বেগম বাদী হয়ে সিরাজদিখান থানায় হত্যা মামলা করেন। ১৯ নভেম্বর স্ব-উদ্যোগে মামলাটির তদন্তভার নেয় পিবিআই মুন্সীগঞ্জ। তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জুবায়ের হোসেন তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চার আসামিকে শনাক্ত করে গ্রেফতার করেন।
পিবিআইয়ের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, প্রায় তিন মাস আগে আলমগীর তার ভাই জাহাঙ্গীর ও ভাবি রিনা বেগমের কাছে এক ভরি স্বর্ণালংকার গচ্ছিত রাখেন। আলমগীরকে না জানিয়ে সেখান থেকে তিন আনা স্বর্ণ রিকাবী বাজারের একটি দোকানে বন্ধক রেখে আট হাজার টাকা তোলেন তারা। বিষয়টি জানাজানি হলে ভাই-ভাবির সঙ্গে আলমগীরের বিরোধ শুরু হয়। স্থানীয়ভাবে সালিস বসলে গণ্যমান্য ব্যক্তিরা স্বর্ণালংকার ফেরত দেওয়ার সিদ্ধান্ত দেন। কিন্তু স্বর্ণ ফেরত না দিয়ে উল্টো আলমগীরকে হত্যার পরিকল্পনা করেন জাহাঙ্গীর ও রিনা। এ জন্য সাদ্দাম হোসেনকে এক লাখ টাকার প্রস্তাব দেন তারা।
পিবিআই জানায়, এ ঘটনায় আর কেউ জড়িত রয়েছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।
সময়ের আলো/এনএন