বনানী কবরস্থান। ছবি : সংগৃহীত রাজধানী ঢাকায় মানুষের বসবাসের জায়গা ক্রমেই সংকুচিত হচ্ছে। আবাসন, সড়ক, বাণিজ্যিক ভবন ও অবকাঠামো নির্মাণে কমছে খালি জমি। কিন্তু মৃত্যুর পর মানুষের শেষ আশ্রয়স্থল কবরস্থান নিয়ে নগর পরিকল্পনায় তেমন কোনো ভাবনা নেই। জীবিত মানুষের আবাসন সংকটের পাশাপাশি মৃত মানুষের দাফনের জায়গাও বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। যে হারে রাজধানীর জনসংখ্যা বাড়ছে, সে তুলনায় বাড়ছে না কবরস্থানের আয়তন। ফলে আগামী ২০ থেকে ৩০ বছর পর ঢাকাবাসীর দাফনের জন্য পর্যাপ্ত জায়গা থাকবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ঢাকার দুই সিটি করপোরেশনের অধীনে সরকারি কবরস্থান রয়েছে মাত্র ৯টি। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ছয়টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তিনটি। দুই সিটির তথ্য অনুযায়ী, এসব কবরস্থানের মোট জমির পরিমাণ আনুমানিক ২৫১ একর। অথচ দুই সিটির মোট আয়তন ৩০৫ দশমিক ৪৬ বর্গকিলোমিটার। অর্থাৎ বিশাল এই নগরীর মোট আয়তনের মাত্র শূন্য দশমিক ৩৩ শতাংশ জমি কবরস্থানের জন্য বরাদ্দ। জনসংখ্যার তুলনায় এই জমি খুবই সামান্য।
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ২০২৬-এর হিসাবে ঢাকা বিশ্বের চতুর্থ বৃহত্তম শহর, জনসংখ্যা প্রায় ২ কোটি ৫৪ লাখ। অন্যদিকে জাতিসংঘের ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫’-এর মহানগরভিত্তিক হিসাবে ঢাকার জনসংখ্যা প্রায় ৩ কোটি ৬৬ লাখ। দুই প্রতিষ্ঠানের হিসাবের পার্থক্যের কারণ নগর ও মহানগরের ভৌগোলিক সংজ্ঞা। আবার ২০২২ সালের জনশুমারি অনুযায়ী, দুই সিটি করপোরেশন এলাকায় জনসংখ্যা ১ কোটির কিছু বেশি। হিসাবের সংজ্ঞা যা-ই হোক, বিপুল মানুষের এই নগরে কবরস্থানের জমি যে সীমিত, তা স্পষ্ট।
কবরস্থানের ওপর চাপের চিত্র পাওয়া যায় দাফনের হিসাবেও। ডিএনসিসি ও ডিএসসিসির সংশ্লিষ্ট নথি, ডিজিটাল গ্রেভ ম্যানেজমেন্ট সিস্টেম এবং কবরস্থান কর্তৃপক্ষের রেকর্ড অনুযায়ী, রাজধানীর ৯টি সরকারি কবরস্থানে প্রতিদিন গড়ে ৯০ থেকে ১১০টি মরদেহ দাফন করা হয়। এর মধ্যে আজিমপুর কবরস্থানেই প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি মরদেহ দাফন হচ্ছে। কোনো কোনো দিন এ সংখ্যা ৪০ থেকে ৪৫টিতে পৌঁছায়। আজিমপুর পুরোনো কবরস্থানের অর্থবছরের হিসাবও উদ্বেগজনক। ২০১৯-২০ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত সেখানে সাধারণ কবর দেওয়া হয়েছে ৫৭ হাজার ১৪০টি। অর্থাৎ প্রতি বছর গড়ে আট হাজারের বেশি মানুষকে দাফন করতে হয়েছে।
সরেজমিন আজিমপুর কবরস্থানে দেখা গেছে, পাশাপাশি থাকা অনেক কবরের মধ্যবর্তী ফাঁকা জায়গা অত্যন্ত কম। কোথাও কোথাও কবরের সীমানা প্রায় একে অপরের সঙ্গে মিশে গেছে। কবরস্থান পরিচালনার নীতিমালা অনুযায়ী, প্রাপ্তবয়স্ক ব্যক্তির বড় কবরের মাপ ৮ ফুট বাই ৪ ফুট বা ৩২ বর্গফুট। মাঝারি কবরের আয়তন ১৫ বর্গফুট এবং শিশুর কবর ৭ বর্গফুট নির্ধারিত রয়েছে।
আজিমপুর কবরস্থানের মোহরার মাওলানা হাফিজুর রহমান বলেন, সংরক্ষিত কবরের ক্ষেত্রে নীতিমালা অনুযায়ী দাফন করা সম্ভব হলেও সাধারণের ক্ষেত্রে সবসময় নির্ধারিত মাপ বজায় রাখা যায় না। প্রতি বছর দাফনের সংখ্যা বাড়লেও কবরস্থানের আয়তন বাড়ছে না। ফলে জায়গার সংকট বিবেচনায় কবরের আকার ও মধ্যবর্তী ফাঁকা জায়গার ক্ষেত্রে বাস্তবতার সঙ্গে সমন্বয় করতে হচ্ছে। মাটির অবস্থা বিবেচনায় আজিমপুর পুরোনো কবরস্থানে সাধারণত কোমরসমান গভীরতায় কবর খোঁড়া হয়। বেশি গভীর করে খুঁড়লে আশপাশের কবরের মাটি ধসে পড়ার আশঙ্কা থাকে।
রাজধানীর লালবাগের ৬৫ বছর বয়সি সাখাওয়াত হোসেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর আজিমপুর পুরোনো কবরস্থানে যান। দুই বছর আগে সেখানে দাফন করা হয় তার ছেলেকে। নিয়মিত যাতায়াত করতে গিয়ে তার চোখে পড়েছে, নতুন খোঁড়া কবরগুলো আগের তুলনায় ছোট হচ্ছে। পাশাপাশি কবরের মধ্যবর্তী ফাঁকা জায়গাও কমে আসছে। তিনি বলেন, ‘অনেক বছর ধরে এখানে আসি। আগে কবরগুলো এত ছোট ছিল না। কয়েক মাস ধরে দেখছি, কবরের আকার ক্রমেই ছোট হয়ে আসছে। পাশাপাশি কবরগুলো এমনভাবে করা হচ্ছে, মাঝখানে ফাঁকা জায়গা প্রায় থাকছে না।’
ডিএনসিসির ছয়টি কবরস্থানের জমির পরিমাণ বিভিন্ন নথিতে প্রায় ১৮৭ থেকে ১৯২ একর। এর মধ্যে রায়েরবাজার বধ্যভূমি কবরস্থান ৯৬ দশমিক ২৩ একর, মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থান ৫২ একর, উত্তরা ১৪ নম্বর সেক্টর ২৫ দশমিক ৫০ একর, বনানী ১০ একর, উত্তরা ৪ নম্বর সেক্টর ১ দশমিক ৭৬ একর এবং উত্তরা ১২ নম্বর সেক্টর ১ দশমিক ৭২ একর।
অন্যদিকে ডিএসসিসির আজিমপুর, জুরাইন ও খিলগাঁওসহ কবরস্থানগুলোর মোট জমি প্রায় ৫৯ দশমিক ৮৮ একর। এর মধ্যে আজিমপুরের নতুন ও পুরোনো অংশ মিলিয়ে প্রায় ৪২ একর, জুরাইন ১২ দশমিক ২০ একর এবং খিলগাঁওসহ অন্য অংশে প্রায় ৫ দশমিক ৬৮ একর। তবে কবরস্থানের মোট জমির পুরোটাই দাফনের কাজে ব্যবহার করা যায় না। অভ্যন্তরীণ রাস্তা, সীমানাপ্রাচীর, নর্দমা, প্রশাসনিক ভবন ও অন্যান্য স্থাপনার জন্য জমি রাখতে হয়।
রাজধানী ঢাকা মহানগর এলাকায় মুসলিম জনসংখ্যা ৯০ শতাংশের বেশি। প্রায় আড়াই কোটি মুসলিম মানুষের প্রত্যেককে একবার করে দাফন করতে হলে জনপ্রতি গড়ে ১৮ বর্গফুট জমি হিসাবে প্রয়োজন হবে ৫৪ কোটি বর্গফুট বা প্রায় ১২ হাজার ৩৯৭ একর। অথচ সরকারি কবরস্থানের মোট জমি প্রায় ২৫১ একর। অর্থাৎ একবারের দাফনের হিসাবেও প্রয়োজনীয় জমির তুলনায় বিদ্যমান জমি অত্যন্ত সামান্য। অবশ্য নির্দিষ্ট সময় পর একই কবর পুনর্ব্যবহারের ব্যবস্থা থাকায় বাস্তবে এত নতুন জমির প্রয়োজন হবে না। তবে জনসংখ্যা ও মৃত্যুহার বিবেচনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা না থাকলে সংকট আরও বাড়বে।
ডিএসসিসির সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, উত্তরের তুলনায় দক্ষিণ সিটির আয়তন ও জনসংখ্যা বেশি হলেও দাফনের জন্য কবরস্থানের সংখ্যা ও আয়তন তুলনামূলক কম। ফলে দক্ষিণ সিটিতে কবরস্থানের জায়গা বাড়ানো জরুরি।
ডিএনসিসির সমাজকল্যাণ কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস বলেন, উত্তর সিটির কবরস্থানগুলোতে বছরে প্রায় ছয় থেকে সাড়ে ছয় হাজার মরদেহ দাফন করা হয়। মাসে গড়ে ৫০০ থেকে ৫৫০টি দাফন হয়। মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থান ও রায়েরবাজারে মাসে প্রায় ৩৮০ থেকে ৪০০টি মরদেহ দাফন করা হচ্ছে।
অবশ্য নগর পরিকল্পনায় কবরস্থানের জন্য জমি সংরক্ষণের কিছু উদ্যোগ রয়েছে। বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপে কবরস্থানের জন্য ৫৬ দশমিক ৬১ একর জমি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ঢাকা সিটি এলাকায় রয়েছে ৮৮ শতাংশ। পাশাপাশি পূর্বাচল নতুন শহর প্রকল্পে কবরস্থানের জন্য প্রায় ১৬ একর জমি রাখার পরিকল্পনা রয়েছে। সেখানে ১০ হাজার ৭৩৬টি কবরের ব্যবস্থা এবং মুক্তিযোদ্ধাদের জন্য পৃথক ১৫টি কবর রাখার কথা রয়েছে। তবে প্রয়োজনের তুলনায় এসব উদ্যোগ অপ্রতুল।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সাধারণ সম্পাদক ও পরিকল্পনাবিদ অধ্যাপক মো. মুসলেহ উদ্দীন হাসান বলেন, ঢাকার কবর সংকট এখন শুধু সিটি করপোরেশনের প্রশাসনিক সমস্যা নয়, এটি নগর পরিকল্পনারও গুরুত্বপূর্ণ বিষয়। আবাসন প্রকল্প অনুমোদনের সময় পার্ক, খেলার মাঠ ও অন্যান্য নাগরিক সুবিধার মতো কবরস্থানের জন্যও নির্দিষ্ট জমি সংরক্ষণ বাধ্যতামূলক করা দরকার। রাজধানীর ভেতরে পর্যাপ্ত জমি পাওয়া না গেলে নতুন আবাসন প্রকল্প ও শহরতলিতে পরিকল্পিত কবরস্থান গড়ে তুলতে হবে। পাশাপাশি নির্দিষ্ট সময় পর কবর পুনর্ব্যবহারের ব্যবস্থা থাকলেও তা সুশৃঙ্খলভাবে এবং ধর্মীয় বিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে করতে হবে।
নগর পরিকল্পনাবিদদের মতে, কবরস্থানের জমি সংরক্ষণকে এখনই নাগরিক পরিকল্পনার অংশ করতে হবে। শুধু বিদ্যমান কবরস্থানের আয়তন বাড়ানোর চেষ্টা নয়, ঢাকার আশপাশে নতুন কবরস্থান নির্মাণ, সরকারি জমি চিহ্নিতকরণ, জমি অধিগ্রহণ এবং কবর পুনর্ব্যবহারের সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন। আগামী ২০ থেকে ৩০ বছরে কবরের জায়গা একেবারেই থাকবে না, এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো নির্ভরযোগ্য ধারণক্ষমতা ও মৃত্যুহারের দীর্ঘমেয়াদি সমীক্ষা এখনও নেই। তবে বর্তমান জমির পরিমাণ, দাফনের চাপ এবং জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা বলছে, এখনই কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। জীবিত মানুষের বাসস্থানের পাশাপাশি মৃত মানুষের শেষ আশ্রয় নিশ্চিত করাও নগর কর্তৃপক্ষের অন্যতম দায়িত্ব।
সময়ের আলো/প্রিন্ট/আতা