নড়াইলে কালিয়া উপজেলার বেন্দারার চরে ভাঙচুর অগ্নিসংযোগের পর একটি বাড়ি। ছবি : সময়ের আলো ক্ষমতা হারানোর পর রাজনৈতিকভাবে কোণঠাসা আওয়ামী লীগ আবারও রাজনীতির মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে অবস্থান করছেন দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দেশে ফেরার সম্ভাবনাকে সামনে রেখে নিষেধাজ্ঞার আওতায় থাকা আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো আট দফা দাবিতে কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা, নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি এবং ২৯ ও ৩০ নভেম্বর ৪৮ ঘণ্টার দেশব্যাপী লকডাউনের ঘোষণা ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি হয়েছে।
তবে আওয়ামী লীগের এই তৎপরতার পেছনে রাজনৈতিক অস্তিত্ব রক্ষার চেষ্টা যতটা দৃশ্যমান, তার চেয়ে বড় হয়ে উঠছে ক্ষমতায় ফেরার তাড়না। দীর্ঘ ১৭ বছরের শাসনামলে দুর্নীতি, অর্থ পাচার, ব্যাংক লুট, গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বিরোধী মত দমন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণের যেসব অভিযোগ উঠেছে, সেসবের জবাবদিহি নিশ্চিত হওয়ার আগেই আবার ক্ষমতার রাজনীতিতে ফিরে আসার আকাঙ্ক্ষা প্রকাশ করছে দলটি। যে শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতা জীবন দিয়ে রাজপথে প্রতিরোধ গড়ে তুলেছিল, সেই শাসনের রাজনৈতিক দায় এড়িয়ে আওয়ামী লীগ এখন নিজেদের রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবি তুলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে— ক্ষমতায় থাকার সময় নাগরিকের রাজনৈতিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও ভোটাধিকার কতটা নিশ্চিত করা হয়েছিল? বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন, গুমের অভিযোগ, রাজনৈতিক হত্যাকাণ্ড, দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের অভিযোগের বিচার এবং জবাবদিহির প্রশ্নে দলটির অবস্থান কী? এসব প্রশ্নের নিষ্পত্তি হওয়ার আগেই আবার ক্ষমতার রাজনীতিতে ফেরার চেষ্টা জনমনে নতুন বিতর্ক তৈরি করছে।
আওয়ামী লীগের ঘোষিত আট দফা দাবির মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার, শেখ হাসিনার দেশে ফেরার পরিবেশ তৈরি এবং দলটির রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ ফিরে পাওয়ার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। কিন্তু দলটির অতীত শাসনের জবাবদিহি, গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের হত্যাকাণ্ডের বিচার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর দীর্ঘদিনের দলীয় নিয়ন্ত্রণের দায় নিয়ে তাদের অবস্থান কতটা স্পষ্ট, সে প্রশ্নের উত্তর নেই। ফলে আট দফা দাবিকে রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের দাবি হিসেবে তুলে ধরলেও এর পেছনে ক্ষমতায় ফেরার আকাঙ্ক্ষা উপেক্ষা করার সুযোগ নেই।
বিশেষ করে যে দলটি দীর্ঘদিন বিরোধী রাজনৈতিক শক্তিকে দমনের অভিযোগে অভিযুক্ত, সেই দল এখন নিজের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার স্বাধীনতা দাবি করছে। অথচ রাজনৈতিক স্বাধীনতার প্রশ্নটি কেবল একটি দলের জন্য নয়; এটি সব নাগরিক ও রাজনৈতিক শক্তির জন্য সমানভাবে প্রযোজ্য। ক্ষমতায় থাকাকালে বিরোধী দলের জন্য যে রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা যায়নি, ক্ষমতাচ্যুত হওয়ার পর সেই পরিবেশ নিজেদের জন্য দাবি করার মধ্যে রাজনৈতিক দ্বিচারিতার প্রশ্নও সামনে আসছে।
২০২৫ সালের মে মাসে অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞার আওতায় দলটির প্রকাশনা, প্রচার, সভা-সমাবেশ, মিছিল ও সাংগঠনিক কার্যক্রমও অন্তর্ভুক্ত ছিল। পরবর্তী সময়ে নিষেধাজ্ঞার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ২০২৬ সালের সেপ্টেম্বরে হাইকোর্ট খারিজ করেন। ফলে দলটির স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ সীমিত রয়েছে। এই বাস্তবতায় বিএনপি নেতৃত্বাধীন সরকারের ওপর চাপ সৃষ্টি করতে রাজপথের কর্মসূচি, অবরোধ ও লকডাউনের মতো কর্মসূচি সামনে এনেছে আওয়ামী লীগ।
কিন্তু রাজনৈতিকভাবে টিকে থাকার নামে দেশজুড়ে অস্থিরতা সৃষ্টি, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবি থাকলে তার সমাধান হতে হবে আইন, বিচার ও সাংবিধানিক প্রক্রিয়ায়। জনজীবন বিপর্যস্ত করে, ব্যবসা প্রতিষ্ঠান ও রাজনৈতিক প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে কিংবা সড়কে সহিংসতা ছড়িয়ে রাজনৈতিক বৈধতা অর্জনের সুযোগ নেই।
তৃতীয় শক্তির উত্থান নিয়ে রাজনৈতিক কল্পনা : আওয়ামী লীগের চলমান কর্মসূচি ও পাল্টাপাল্টি সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তৃতীয় শক্তির উত্থান নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে, তার বড় অংশই দলটির নেতাদের বক্তব্য ও রাজনৈতিক অনুমাননির্ভর। বিশেষ করে সেনা-সমর্থিত কোনো সরকারের সম্ভাবনার বিষয়টি আওয়ামী লীগের নেতারাই সামনে আনছেন। নির্বাচিত সরকার দেশের দায়িত্বে যখন, তখন এমন দাবি হাসির খোরাক জোগাচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাজনৈতিকভাবে কোণঠাসা আওয়ামী লীগ নিজেদের কর্মসূচির গুরুত্ব বাড়াতে এবং সরকারের ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবে তৃতীয় শক্তির উত্থানের বিষয়টি সামনে আনছেন বলে মনে করেন তারা।
দলটির সামনে এখন দুটি বড় বাস্তবতা। প্রথমত নিষেধাজ্ঞার কারণে স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে না পারা। দ্বিতীয়ত দীর্ঘদিনের শাসনামলের নানা অভিযোগ ও গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিয়ে রাজনৈতিক ও আইনি চাপ। এই দুই বাস্তবতার মধ্যে দলটি শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সমর্থকদের সংগঠিত করার চেষ্টা করছে। তবে দেশে ফেরা আর রাজনৈতিকভাবে পুনর্বাসিত হওয়া এক বিষয় নয়। শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচারিক প্রক্রিয়া, তার দেশে ফেরার আইনি ও প্রশাসনিক বাস্তবতা এবং আওয়ামী লীগের কার্যক্রমের ওপর বহাল নিষেধাজ্ঞা— সব মিলিয়ে প্রত্যাবর্তনের প্রশ্নটি জটিল।
আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল নিয়ে তাই প্রশ্ন উঠছে, দলটি কি নিষেধাজ্ঞা প্রত্যাহার ও নেত্রীর প্রত্যাবর্তনের দাবিতে সীমাবদ্ধ থাকবে, নাকি রাজপথে সংঘাতের মাধ্যমে এমন একটি পরিস্থিতি তৈরি করতে চাইবে, যেখানে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার বাইরে অন্য কোনো শক্তির আবির্ভাব ঘটে? দলটির কয়েকজন নেতার বক্তব্যে সেনা-সমর্থিত সরকারের সম্ভাবনার প্রসঙ্গ উঠে আসায় এ প্রশ্ন আরও জোরালো হয়েছে। তবে এ ধরনের কোনো পরিকল্পনা দলটির আনুষ্ঠানিক কৌশল— এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো পর্যাপ্ত প্রমাণ নেই।
এদিকে আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতার সবচেয়ে দৃশ্যমান চিত্র পাওয়া যাচ্ছে শেখ হাসিনার জন্মভূমি গোপালগঞ্জে। নভেম্বরের মাঝামাঝি থেকে জেলায় দফায় দফায় বিক্ষোভ, সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপি নেতাদের বাড়ি, তিন সংসদ সদস্যের বাসভবন, দুটি থানা এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
গত ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরদিন গোপালগঞ্জে বিএনপির কার্যালয়, একজন সংসদ সদস্যের ক্লিনিক এবং গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা হয়। ১৯ নভেম্বর কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়ি, মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
২০ নভেম্বর পর্যন্ত ধারাবাহিক সহিংসতার পর পুলিশ, বিশেষায়িত বাহিনী ও বিজিবির শীর্ষ কর্মকর্তারা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। গোপালগঞ্জের ঘটনাগুলো কেবল স্থানীয় রাজনৈতিক সংঘাতের মধ্যে সীমাবদ্ধ নেই। আওয়ামী লীগের ঐতিহাসিক সাংগঠনিক ভিত্তি এবং শেখ হাসিনার রাজনৈতিক পরিচয়ের কারণে জেলাটির ঘটনাপ্রবাহ জাতীয় রাজনীতিতেও তাৎপর্য বহন করছে।
শুধু গোপালগঞ্জ নয়, দেশের অন্যান্য স্থানেও সহিংসতার অভিযোগ পাওয়া যাচ্ছে। গত ২০ নভেম্বর নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর এলাকায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, সাবেক পৌর মেয়র মুশফিকুর রহমান লিটনসহ দলটির নেতাকর্মীদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর আগে ১৮ নভেম্বর বিএনপির দুই নেতার ওপর হামলা এবং তাদের মৃত্যুর পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এর দুই দিন পর ক্ষুব্ধ লোকজন আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা চালায়। ফায়ার সার্ভিসের হিসাবে, অন্তত ২০ থেকে ২৫টি বাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয়। তবে এসব ঘটনায় বিএনপির সম্পৃক্ততার অভিযোগ স্থানীয় নেতারা অস্বীকার করেছেন।
১৭ বছরের শাসনের জবাবদিহি কোথায় : আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক তৎপরতা মূল্যায়নের ক্ষেত্রে দলটির টানা ১৭ বছরের শাসনামলের প্রশ্নটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এই সময়ে একের পর এক নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বিতর্ক, বিরোধী রাজনৈতিক শক্তির ওপর দমন-পীড়ন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ, দুর্নীতি, ব্যাংক খাতের অনিয়ম, অর্থ পাচার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দলীয়করণের অভিযোগ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
বিশেষ করে গুম, খুন ও নিখোঁজের ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর দীর্ঘদিনের অপেক্ষা, বিচার না পাওয়ার বেদনা এবং রাষ্ট্রীয় নিপীড়নের অভিযোগ ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পটভূমি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ছাত্র-জনতার আন্দোলনে প্রাণহানি এবং রাষ্ট্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও বিচার ও জবাবদিহির দাবি রয়েছে। সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানে আত্মসমালোচনা ও অতীতের দায় স্বীকারের পরিবর্তে দ্রুত রাজনৈতিক প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষা সামনে আসায় নতুন প্রশ্ন তৈরি হয়েছে।
ক্ষমতায় থাকার সময় জনগণের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার নিয়ে যে প্রশ্নগুলো তৈরি হয়েছিল, সেগুলোর জবাব না দিয়ে আবার রাজনৈতিক ক্ষমতা ফিরে পাওয়ার দাবি কতটা যৌক্তিক? গণতন্ত্রের কথা বলার আগে দলটির নিজেদের অতীত শাসন, রাজনৈতিক সহিংসতা এবং রাষ্ট্র পরিচালনায় সংঘটিত অনিয়মের দায় নিয়ে স্পষ্ট অবস্থান নেওয়া প্রয়োজন। শুধু নিষেধাজ্ঞা প্রত্যাহার কিংবা শেখ হাসিনার দেশে ফেরার দাবি দিয়ে সেই দায় এড়ানো সম্ভব নয়।
দেশের বাইরে থাকা আওয়ামী লীগের এক সভাপতিমণ্ডলীর সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আপাতত শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলটির রাজনৈতিক অস্তিত্ব রক্ষা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারই তাদের লক্ষ্য। আমরা তৃতীয় কোনো শক্তির সরকার চাই না।’ তবে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছালে সেনা-সমর্থিত সরকার আসা স্বাভাবিক হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
তবে এসব বক্তব্যে একটি বিষয় স্পষ্ট— আওয়ামী লীগের একাংশ দেশের রাজনৈতিক অস্থিরতার পরিণতি হিসেবে সেনা-সমর্থিত সরকারের সম্ভাবনাকেও আলোচনায় আনছে। অথচ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক-এগারোর অভিজ্ঞতা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক প্রক্রিয়ার জন্য কতটা জটিলতা তৈরি করেছিল, তা ভুলে যাওয়ার সুযোগ নেই। কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় ফেরার আকাঙ্ক্ষা কিংবা রাজনৈতিক সংকটের সুযোগে তৃতীয় শক্তির আবির্ভাব—কোনোটিই গণতান্ত্রিক সমাধানের বিকল্প হতে পারে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. সাবের আহমেদ চৌধুরী বলেন, রাজনৈতিক সহিংসতা কখনোই মঙ্গল বয়ে আনবে না। অপরাধীদের বিচার হওয়া প্রয়োজন। কিন্তু সহিংসতার পথে দেশ এগোলে উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রা ব্যাহত হবে। সেনা-সমর্থিত সরকারের চিন্তাও শুভ লক্ষণ নয়। তার আশঙ্কা, আওয়ামী লীগ অরাজক পরিস্থিতি তৈরি করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করতে পারে, যদিও তা সফল নাও হতে পারে।
সময়ের আলো/প্রিন্ট/আতা