পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে সরকার । ছবি : সংগৃহীতপুলিশের জনবল বাড়াতে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ রয়েছে। নতুন এসব এসব পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের প্রয়োজনীয় সম্মতি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন মিলেছে।
গত ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে পৃথক দুটি সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়। এতে পুলিশের বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কাঠামোতে রাজস্ব খাতের আওতায় অস্থায়ীভাবে ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই পদ সৃজনের অনুমোদন দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, পুলিশের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এসব পদ সৃজন করা হয়েছে। পুলিশ বাজেটের সংশ্লিষ্ট খাতে বরাদ্দ করা অর্থ থেকে নতুন পদগুলোর ব্যয় নির্বাহ করা হবে। নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের আরোপিত শর্ত এবং প্রচলিত বিধিবিধান অনুসরণ করতে হবে।
এ ক্ষেত্রে, নতুন অনুমোদিত ৪ হাজার এসআই (নিরস্ত্র) পদ জাতীয় বেতন স্কেলের গ্রেড-১০ এর অন্তর্ভুক্ত। এই পদের বেতন স্কেল ৩২ হাজার টাকা থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল অ্যাক্ট, ১৯৪৩ অনুযায়ী এসব পদ পূরণ করা হবে।
এ ছাড়া, গ্রেড-১৭ এর আওতায় ১০ হাজার কনস্টেবল পদ সৃজন করা হয়েছে। এই পদের বেতন স্কেল ২১ হাজার ৪০০ টাকা থেকে ৫১ হাজার ৯০০ টাকা। এ ক্ষেত্রে নিয়োগের যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং শারীরিকভাবে সক্ষম হওয়ার শর্ত নির্ধারণ করা হয়েছে। আর এই নিয়োগের ক্ষেত্রে পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল অ্যাক্ট, ১৯৪৩ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৯৯০ সালের ৭ মে জারি করা নির্দেশনা অনুসরণ করতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, গত ৩ আগস্ট ৪ হাজার এসআই পদ সৃজনে সম্মতি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। অর্থ বিভাগের সংশ্লিষ্ট শাখাগুলো ৫ ও ৮ অক্টোবর এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখা ৫ নভেম্বর এ বিষয়ে সম্মতি প্রদান করে। একইভাবে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের ক্ষেত্রেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রয়োজনীয় সম্মতি নেয়া হয়েছে।
ইতোমধ্যে, কনস্টেবল নিয়োগের একটি কার্যক্রম চলমান রয়েছে। গত ৯ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, যার আবেদন গ্রহণ শেষ হয়েছে গত ৩০ অক্টোবর। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ওই বিজ্ঞপ্তির বিপরীতে সারা দেশ থেকে ১ লাখ ২ হাজার ৬৯৪ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন।
জানা গেছে, চলমান এই নিয়োগ প্রক্রিয়ায় আগে থেকেই শূন্য থাকা ২ হাজার কনস্টেবল পদের পাশাপাশি নতুন অনুমোদিত ১০ হাজার পদের মধ্য থেকে আরও ৪ হাজার পদ অন্তর্ভুক্ত করে মোট ৬ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। বাকি ৬ হাজার পদ পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে পূরণের সম্ভাবনা রয়েছে।
এদিকে, নতুন সৃজিত ৪ হাজার এসআই পদে সরাসরি নিয়োগের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন গ্রহণ ও পরীক্ষার সময়সূচি সম্পর্কে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন ১৪ হাজার পদে নিয়োগ সম্পন্ন হলে পুলিশের জনবল সংকট মোকাবিলা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণকে পুলিশি সেবা দেয়ার সক্ষমতা আরও বাড়বে। বিশেষ করে মাঠপর্যায়ে পুলিশি কার্যক্রম আরও গতিশীল করার ক্ষেত্রে এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সময়ের আলো/এসকে