প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৪:৪২ পিএম

নির্বাচন ভবন। সংগৃহীত ছবি
নির্বাচন ভবন। সংগৃহীত ছবিআসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই অংশ হিসেবে নির্বাচনি সামগ্রী বিতরণের পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে পাঁচ ধাপের জেলাভিত্তিক ভোটকেন্দ্র, ভোটকক্ষ ও ভোটার সংখ্যার তথ্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে চেয়েছে সংস্থাটি। বুধবারের (২৫ নভেম্বর) মধ্যে জরুরি ভিত্তিতে এসব তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়ার সই করা এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি সামগ্রী সুষ্ঠুভাবে বিতরণের পরিকল্পনা তৈরির জন্য পাঁচটি ধাপের জেলাভিত্তিক ভোটকেন্দ্র, ভোটকক্ষ এবং ভোটার সংখ্যার সুনির্দিষ্ট তথ্য প্রয়োজন। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে এসব তথ্য সংগ্রহ করে আগামী ২৫ নভেম্বরের মধ্যে নির্বাচন সহায়তা-৩ শাখায় পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে নির্বাচন কমিশন ইতোমধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ ও তালিকা প্রকাশ করেছে। কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, দেশজুড়ে পাঁচটি ধাপে এসব নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে।
ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর ধারাবাহিকভাবে ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ, ২৯ এপ্রিল তৃতীয় ধাপ, ১৩ মে চতুর্থ ধাপ এবং সর্বশেষ ২৭ মে পঞ্চম ধাপের ভোট গ্রহণ সম্পন্ন হবে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের এই কর্মযজ্ঞ শেষ হওয়ার পরপরই পর্যায়ক্রমে দেশের অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনও সম্পন্ন করবে নির্বাচন কমিশন।
সময়ের আলো/ইউএমএইচ