যে ৯ ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করেন

ইসলামরে আলো ডেস্ক

ইসলাম

আল্লাহ তায়ালার অসীম রহমতের অন্যতম মাধ্যম ফেরেশতারা। তারা সর্বক্ষণ আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করেন। মুমিন বান্দাদের কল্যাণেও তারা দোয়া

2026-11-24T18:26:44+00:00
2026-11-24T18:26:44+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ইসলাম
যে ৯ ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করেন
ইসলামরে আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:২৬ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
আল্লাহ তায়ালার অসীম রহমতের অন্যতম মাধ্যম ফেরেশতারা। তারা সর্বক্ষণ আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করেন। মুমিন বান্দাদের কল্যাণেও তারা দোয়া করেন। পবিত্র কোরআন ও হাদিসে এমন কিছু আমল ও বৈশিষ্ট্যের কথা বর্ণিত হয়েছে, যেসব আমলের কারণে ফেরেশতারা মানুষের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন।

১. অজু করে ঘুমালে

ঘুমানোর আগে অজু করে নেওয়া সুন্নত। এ আমলের মাধ্যমে ফেরেশতাদের দোয়া লাভের সৌভাগ্য হয়। মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘যখন তুমি শয্যা গ্রহণের ইচ্ছা করবে, তখন নামাজের মতো অজু করে ডান কাত হয়ে শোবে।’ (বুখারি, হাদিস : ২৪৭)

অজু করে ঘুমানোর ফজিলত সম্পর্কে অন্য হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায়, তার সঙ্গে একজন ফেরেশতা নিয়োজিত থাকেন। এরপর সে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গেই ওই ফেরেশতা আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, ‘হে আল্লাহ, তোমার অমুক বান্দাকে ক্ষমা করে দাও। কেননা, সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছিল।’ (ইবনে হিব্বান, হাদিস : ১০৫১)

২. নামাজের অপেক্ষায় মসজিদে থাকলে

এক ওয়াক্ত নামাজ আদায়ের পর পরবর্তী ওয়াক্তের অপেক্ষায় মসজিদে বসে থাকা কিংবা নামাজ শেষে অজু অবস্থায় নামাজের স্থানে অবস্থান করা অত্যন্ত সওয়াবের কাজ। এ সময় ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকেন।

নবীজি (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ যতক্ষণ পর্যন্ত নামাজের স্থানে বসে নামাজের অপেক্ষা করতে থাকে এবং তার অজু ভঙ্গ না হয়, ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন—হে আল্লাহ! তাকে ক্ষমা করে দিন, হে আল্লাহ, তার ওপর দয়া করুন।’ (বুখারি, হাদিস : ৪৪৫ ও ৬৪৭)


৩. প্রথম কাতারে নামাজ পড়লে

জামাতে নামাজ আদায়ের সওয়াব একা নামাজ পড়ার চেয়ে ২৭ গুণ বেশি। জামাতে নামাজের ক্ষেত্রে প্রথম কাতারে দাঁড়ানোর বিশেষ ফজিলত রয়েছে। এ কাতারের মুসল্লিদের জন্য আল্লাহর রহমত ও ফেরেশতাদের দোয়া রয়েছে।

নবী (সা.) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তাআলা নামাজের প্রথম কাতারের মুসল্লিদের ওপর রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা তাঁদের জন্য দোয়া করেন।’ (আবু দাউদ, হাদিস : ৬৬৪)

অন্য হাদিসে তিনি বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ সেসব মানুষের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা রহমতের দোয়া করেন, যারা কাতারের ডান পাশে নামাজ আদায় করেন।’ (আবু দাউদ, হাদিস : ৬৭৬)

৪. কাতারের ফাঁকা জায়গা পূরণ করলে

জামাতে নামাজ আদায়ের সময় কাতারে কোনো ফাঁকা জায়গা থাকলে তা পূরণ করা এবং মুসল্লিদের সঙ্গে মিলেমিশে কাতার সোজা করে দাঁড়ানো সুন্নত। এ আমলের জন্যও আল্লাহর রহমত ও ফেরেশতাদের দোয়া রয়েছে।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা রহমতের দোয়া করেন, যারা কাতারের সঙ্গে মিলিত হয়ে নামাজ আদায় করে। আর যে ব্যক্তি কাতারের ফাঁকা জায়গা পূরণ করে, আল্লাহ এর কারণে তার মর্যাদা বৃদ্ধি করেন।’ (ইবনে মাজাহ, হাদিস : ৯৯৫)

৫. নবীজির প্রতি দরুদ পাঠ করলে

নবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ পাঠ করা মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মুমিনদের নবীজির প্রতি দরুদ ও সালাম পাঠের নির্দেশ দিয়েছেন।

আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেশতারাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করেন। হে মুমিনগণ, তোমরাও নবীর প্রতি দরুদ পাঠ করো এবং তাকে উত্তমরূপে সালাম পেশ করো।’ (সুরা আহজাব, আয়াত : ৫৬)

আমির ইবনে রাবিআহ (রা.) বলেন, ‘আমি নবীজিকে খুতবার মধ্যে এ কথা বলতে শুনেছি, ‘আমার ওপর দরুদ পাঠকারী যতক্ষণ দরুদ পড়ে, ততক্ষণ ফেরেশতারাও তার জন্য দোয়া করতে থাকেন। সুতরাং বান্দার ইচ্ছা, সে দরুদ বেশি পড়বে নাকি কম।’ (মুসনাদে আহমাদ, হাদিস : ১৫৬৮৯)

৬. রোগী দেখতে গেলে

অসুস্থ মানুষের খোঁজখবর নেওয়া ও তাদের দেখতে যাওয়া ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। এ আমলের জন্যও ফেরেশতারা দোয়া করেন।

নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি সকালবেলা কোনো রোগীকে দেখতে গেল, তার সঙ্গে ৭০ হাজার ফেরেশতা যান এবং তারা সবাই সন্ধ্যা পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন; আর তার জন্য বেহেশতে একটি বাগান নির্ধারণ করা হয়। আর যে ব্যক্তি সন্ধ্যায় কোনো রোগীকে দেখতে গেল, তার সঙ্গে ৭০ হাজার ফেরেশতা যান এবং তারা সবাই সকাল পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন; আর তার জন্য জান্নাতে একটি বাগান নির্ধারণ করা হয়।’ (তিরমিজি, হাদিস : ৯৬৯)

৭. কল্যাণকর জ্ঞান শেখালে

মানুষকে উপকারী ও কল্যাণকর জ্ঞান শিক্ষা দেওয়া অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল। এ কাজের জন্য শুধু ফেরেশতারাই নন, সৃষ্টিজগতের অন্যান্য প্রাণীও দোয়া করে।

নবীজি (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা রহমতের দোয়া করেন, যারা মানুষকে কল্যাণকর বিষয় শেখায়। এমনকি গর্তের পিঁপড়া ও সাগরের মাছও তাদের জন্য রহমত ও মাগফিরাতের দোয়া করে।’ (তিরমিজি, হাদিস : ২৬৮৫)

৮. অনুপস্থিত কারও জন্য দোয়া করলে

কোনো মুসলিম ভাই বা বোনের অনুপস্থিতিতে তার কল্যাণের জন্য দোয়া করলে ফেরেশতারাও দোয়াকারীর জন্য অনুরূপ দোয়া করেন।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোনো মুসলিম তার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করলে তা কবুল করা হয় এবং তার মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত থাকেন। যখন সে তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে, তখন নিযুক্ত ফেরেশতা বলেন, ‘আমিন এবং তোমার জন্যও অনুরূপ হোক।’ (মুসলিম, হাদিস : ২৭৩২)


৯. প্রতিদিন দান-সদকা করলে

সামর্থ্য অনুযায়ী প্রতিদিন দান-সদকা করা উত্তম আমল। দানকারীর সম্পদে বরকত ও কল্যাণের জন্য ফেরেশতারা দোয়া করেন। অন্যদিকে কৃপণ ব্যক্তির সম্পদ ধ্বংসের জন্যও একজন ফেরেশতা দোয়া করেন।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রতি সকালে মানুষ যখন ঘুম থেকে ওঠে, তখন দুজন ফেরেশতা অবতরণ করেন। তাদের একজন বলেন, ‘হে আল্লাহ, দানকারীর সম্পদ আরও বাড়িয়ে দিন।’ আর দ্বিতীয়জন বলেন, ‘হে আল্লাহ! কৃপণের সম্পদ ধ্বংস করে দিন।’ (বুখারি, হাদিস : ১৪৪২)

ফেরেশতাদের দোয়া আল্লাহ তাআলার রহমত ও ক্ষমা লাভের এক বিশেষ সৌভাগ্য। অজু করে ঘুমানো, নামাজের অপেক্ষায় থাকা, দরুদ পাঠ, রোগীর সেবা, কল্যাণকর জ্ঞান বিতরণ ও দান-সদকার মতো আমলগুলো নিয়মিত চর্চার মাধ্যমে একজন মুমিন এ সৌভাগ্য অর্জনের চেষ্টা করতে পারেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ফেরেশতা  দোয়া  ইসলাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: