
গ্রাফিক : সময়ের আলো
গ্রাফিক : সময়ের আলো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন। তার দেশে ফেরা নিয়ে গত কয়েক দিন ধরেই রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। এর মধ্যেই আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনার একজন মুখপাত্রের বরাত দিয়ে মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফেরানো হবে। শুধু হাতকড়া পরিয়েই দেশে আনা যেতে পারে শেখ হাসিনাকে। দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আরেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেছেন, সংবিধানে মানবতাবিরোধী অপরাধীদের পাসপোর্ট দেওয়ার আইন নেই। শেখ হাসিনাসহ পলাতক আসামিরা দেশে এলে গ্রেফতার করা হবে। এ ছাড়া শেখ হাসিনার জন্য ‘এয়ারক্রাফট পাঠানোর আবেদন’কে তিনি নজিরবিহীন ঘটনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আর ডিসেম্বর মাস ঘিরে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। কয়েক মাস আগে তিনি গণমাধ্যমের বরাতে জানান যে ডিসেম্বরে তিনি দেশে ফিরবেন। তবে এবারই প্রথম তার ফেরার কোনো তারিখ সামনে এলো। এদিকে শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরা নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশের রাজনীতিতে সংঘাত-সহিংসতা এবং উত্তেজনা চলছে। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠপর্যায়ে নিজেদের উপস্থিতি জানান দিতে বিভিন্ন জেলা, বিশেষ করে গোপালগঞ্জে ব্যাপক বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগের মতো কর্মসূচি পালন করছে। জবাবে সরকারের পক্ষ থেকেও সহিংসতা দমনে বিভিন্ন পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে।
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মঙ্গলবার সকালে সংবাদটি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। যেখানে সৈয়দ মোজাম্মেল আলীকে শেখ হাসিনার মুখপাত্র হিসেবে উল্লেখ করে তার বরাতে শেখ হাসিনার দেশে ফেরার নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে যে, ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর এবারই প্রথম তার দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানানো হলো। এমনকি গণঅভ্যুত্থানের মুখে দিল্লিতে পালিয়ে যাওয়ার পর বাতিল হয়ে যাওয়া কাগজপত্রও (জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট) বাংলাদেশ সরকারের কাছে চেয়েছেন শেখ হাসিনা।
এ ছাড়া সরকারের কাছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তার প্রত্যাবর্তনের ব্যবস্থা করারও জন্য অনুরোধ জানিয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শেখ হাসিনার মুখপাত্র এক বিবৃতিতে রয়টার্সকে বলেছেন, যেহেতু শেখ হাসিনাকে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি বিমানে করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল, তাই তিনি এখন তাকে দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে আনার জন্য বিমান পরিবহনের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা আগে থেকেই দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বাড়তি উত্তেজনার জন্ম দিয়েছে।
মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনটি সামনে আসার পর বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনাকে শুধু কঠোর নজরদারির মধ্য দিয়ে হাতকড়া পরিয়েই দেশে আনা যেতে পারে। মনের জ্বালায় পয়সা দিয়ে, হায়ার করে অনেক লেখাই লেখাইতে পারে কিন্তু রিয়ালিটি আর ডিজায়ার দুই জিনিস। তিনি বলেন, একজন সন্ত্রাসীর কখনোই ফেরার অনুমতি থাকে না, তিনি সাধারণ কোনো যাত্রী নন। ‘সন্ত্রাসী’ বলতে তিনি কাকে বুঝিয়েছেন, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, টেরোরিস্ট তো একজনই, আওয়ামী টেরোরিজম। বাংলাদেশের মানুষ টেরোরিজম তো এক জায়গা থেকেই দেখে, আওয়ামী টেরোরিজম— স্পন্সরড বাই হাসিনা, আপা ফ্রম দিল্লি।
এদিকে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মন্তব্য করেছেন সরকারের একাধিক দায়িত্বশীল ব্যক্তি। দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আরেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, সংবিধানে মানবতাবিরোধী অপরাধীদের পাসপোর্ট দেওয়ার আইন নেই। শেখ হাসিনাসহ পলাতক আসামিরা দেশে এলে গ্রেফতার করা হবে জানিয়ে শামা ওবায়েদ বলেন, তাদের ইমিডিয়েটলি অ্যারেস্ট (তাৎক্ষণিক গ্রেফতার) করা হবে। তাদের জেলে যেতে হবে, কেন্দ্রীয় কারাগারে যেতে হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না। এখানে প্লেন পাঠানোর, হেলিকপ্টার পাঠানোর, বাস পাঠানোর, গাড়ি পাঠানোর, রিকশা পাঠানোর কোনো কথাই কারও সঙ্গে বাংলাদেশ সরকারের হয় নাই। ক্লিয়ার?
শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে শামা ওবায়েদ বলেন, বাহাত্তরের সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে, যদি কোনো ব্যক্তি ক্রাইম অ্যাগেইনস্ট হিউম্যানিটির আওতায় সাজাপ্রাপ্ত হয়ে থাকে, বাংলাদেশ গভর্নমেন্ট ইজ নট কম্পেলড টু গিভ হার অ্যানি পাসপোর্ট (সরকার তাকে পাসপোর্ট দিতে বাথ্য নয়), অ্যানি এনআইডি, এনিথিং। এটার ব্যত্যয় তো ঘটবে না। বিদেশে প্রতিটি মিশন বাংলাদেশের ভূখণ্ড হিসেবে বিবেচিত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের ৮৪টি মিশনের যেকোনো জায়গায়, ইটস কনসিডারড অ্যাজ বাংলাদেশ টেরিটরি। যেখানেই যাবে সেখানেই তাদের অ্যারেস্ট করা হবে।
শেখ হাসিনা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গেলে তাকে গ্রেফতার করার মতো সক্ষমতা আছে কি না তা জানতে চাইলে শামা ওবায়েদ ইসলাম বলেন, তিনি কোথায় আছে, সেটাই তো মানুষ জানে না। এটা তো কেউ জানে না। তার চেহারা আপনারা দেখছেন নাকি? আপনারা তো সাংবাদিকতা করছেন। তিনি যখন থেকে পলায়ন করেছেন, তার পর থেকে এখন পর্যন্ত তার চেহারা কি আপনারা দেখেছেন? আমরা দেখি নাই। এখন তিনি কোথায় যাবেন না যাবেন, ইটস ইমম্যাটেরিয়াল। ভারত সরকারের সঙ্গে অপরাধীদের ফিরিয়ে আনার বিষয়ে কূটনৈতিক যোগাযোগ আছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হাদির (ওসমান হাদি) হত্যাকারী এবং জুলাই-আগস্টে যারা খুন-গুম করেছে, রক্ত ঝরিয়েছে, যারা খুনের অর্ডার দিয়েছে, তাদের বিরুদ্ধে সাজাপ্রাপ্তরা, যারা ভারতসহ বিভিন্ন দেশে লুকিয়ে আছে, তাদের সবাইকে এই এক্সট্রাডিশন ট্রিটির (বন্দি প্রত্যাবর্তন চুক্তি) আওতায় ফেরত আনা হবে।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টিকে রাজনৈতিক স্টান্টবাজি উল্লেখ করে শামা ওবায়েদ ইসলাম বলেন, ১৬ ডিসেম্বর, ১৭ ডিসেম্বর ভাই আসুক না, এলে অ্যারেস্ট হয়ে জেলে যাবে। এই পলিটিক্যাল স্টান্টের কোনো মানে হয় না। এই যে সারা দেশে একটা তাণ্ডব তৈরি করার চেষ্টা করছে তার নেতাকর্মীরা; তিনি তো বিপদে নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছেন। খামাখা এখন যারা আওয়ামী লীগ, সাধারণ আওয়ামী লীগ, যারা কর্মী আছে, নেতা আছে, তাদের বিপদে ফেলার একটা পাঁয়তারা শুরু করেছে।
সম্প্রতি শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে মেইল করেছিল যুক্তরাজ্যভিত্তিক আইনি প্রতিষ্ঠান মেট্রিক্স। প্রতিষ্ঠানটি এর মধ্যে মেইলের জবাব চেয়ে পুনরায় মেইল করেছে। মেট্রিক্সের মেইলের জবাব বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া হবে কি না তা জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ আছে। অন্য যেকোনো আসামি যারা বিদেশে পালিয়ে থাকেন, তাদের ব্যাপারে বাংলাদেশের সরকারের বা বাংলাদেশের আইন অনুযায়ী যা অবস্থান, শেখ হাসিনার ব্যাপারেও একই অবস্থান।
শেখ হাসিনার দেশে ফেরার তারিখ এবং বিমান চেয়ে যে বিবৃতি দেওয়া হয়েছে সেটিকে ‘উন্মাদনা’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন পলাতক আসামির পক্ষে আরেকজনের এয়ারক্রাফট চাওয়ার ঘটনাটি পৃথিবীতে বিরল। এ ছাড়া আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা হবে কি না এ নিয়েও কথা বলেন চিফ প্রসিকিউটর। একজন প্রতিমন্ত্রী আমাদের কাছে আবেদন করেছেন, এ বিষয়ে তদন্ত চলছে। আওয়ামী লীগ যদি নিজেদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ করে তা হলে বিচারের মাধ্যমে এই সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার বা ট্রাইবুনাল বাধ্য হবে।
এদিকে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, অনুপ্রবেশ ঠেকাতেই সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি। কোনো অভিযুক্ত আসামি দেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করা হবে। যেহেতু আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী বিদেশে পালিয়ে আছে, তাদের বিরুদ্ধে যেহেতু মামলা আছে, ডিসেম্বর ঘিরে কোনো অভিযুক্ত আসামি দেশে অনুপ্রবেশ করতে চাইলে তাদেরকে যাতে গ্রেফতার করা যায় এ কারণেই বিজিবির সতর্কতা, বলেন তিনি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘পালিয়ে যাব না’ বলে যারা পালিয়ে যায়, তারা আর ফিরে আসে না। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে দলের মোটরসাইকেল শোভাযাত্রা শুরুর আগে সাংবাদিকদের এ কথা বলেন। শেখ হাসিনা প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেছেন, তিনি কি মেহমান নাকি যে তার জন্য বিমান পাঠাইতে হবে? তিনি বলত না সারা জীবন যে আমরা পালিয়ে যাব না। পালিয়ে যাব না বলে যে চলে যায়, পালিয়ে যায়, সে আসি আসি বলেও আসবে না।...আমরাও তো চাই, তিনি ফেরত আসুক। ফেরত এলে তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। এখন এগুলো হচ্ছে সব নাটক। তিনি বলেন, আওয়ামী লীগের ফয়সালা ২০২৪ সালের ৫ আগস্ট হয়ে গেছে। এখন তারা যে কার্যক্রমগুলো করছে, তার মধ্য দিয়ে বাংলাদেশে পুনর্বাসন দূরের কথা, তারা যে ফ্যাসিবাদী ও গণবিমুখ শক্তি, তারই প্রমাণ বারবার দিচ্ছে।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বলতেন, তিনি ভারতকে যা দিয়েছেন, তারা সেটি সারা জীবন মনে রাখবে। কিন্তু ভারত তাকে এখন একটা বিমান পর্যন্ত দিচ্ছে না। এক কাপড়ে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। বেলারুশসহ বিভিন্ন দেশে পাঠানোর চেষ্টা করা হয়েছে বলে শোনা গেছে। কিন্তু এ ঝামেলা কেউ মাথায় নিতে চাচ্ছে না। পাসপোর্টও নিতে পারছে না।
সময়ের আলো/প্রিন্ট/জেডি