প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:৪২ পিএম

রাজধানীতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে এসব নির্দেশনা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত । ছবি : সময়ের আলো
রাজধানীতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে এসব নির্দেশনা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত । ছবি : সময়ের আলোবিমানবন্দরে পাখির আঘাতে উড়োজাহাজের ক্ষতি ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির বার্ড কন্ট্রোল ইউনিট স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে পাখি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সংখ্যক বন্দুক কেনা এবং বিমানবন্দরগুলোতে শূন্য পদে দ্রুত জনবল নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে ‘ন্যাশনাল কমিটি ফর ওয়াইল্ডলাইফ হ্যাজার্ড ম্যানেজমেন্ট অ্যাট দ্য এয়ারপোর্টস অব বাংলাদেশ’-এর প্রথম সভায় এসব নির্দেশনা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সভায় সভাপতিত্ব করেন মন্ত্রী। এতে দেশের বিমানবন্দরগুলোতে উড়োজাহাজের নিরাপদ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করতে পাখিসহ বিভিন্ন বন্যপ্রাণীর চলাচল নিয়ন্ত্রণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের এভিয়েশন খাতের উন্নয়নে কাজ করছে। এ খাতের অগ্রগতির জন্য উড়োজাহাজের নিরাপদ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে সাম্প্রতিক সময়ে বিমানবন্দরগুলোতে পাখির আঘাতের (বার্ড হিট) ঘটনাগুলোর তথ্য পর্যালোচনা করে কার্যকর বন্যপ্রাণী ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।
তিনি বলেন, বিমানবন্দরগুলোতে পাখির উপদ্রব নিয়ন্ত্রণে অত্যাধুনিক প্রযুক্তির বার্ড কন্ট্রোল ইউনিট স্থাপন করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক বন্দুক কেনা এবং জনবল সংকট দূর করতে শূন্য পদে দ্রুত নিয়োগ কার্যক্রম শুরুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন তিনি।
নিরাপদ উড্ডয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। এ ছাড়া কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে প্রতি তিন মাস অন্তর কমিটির সভা আয়োজনের নির্দেশ দেন তিনি।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এসকে