
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত ভারতে অবস্থানরত শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত শিরোনাম বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)। তার দাবি, দেশীয় গণমাধ্যমের শিরোনামগুলো রয়টার্সের মূল প্রতিবেদনের তথ্য ও বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে সুজাউদ্দৌলা বলেন, দেশীয় গণমাধ্যমের শিরোনাম পড়লে মনে হয়, শেখ হাসিনা নিজেই রয়টার্সকে দেশে ফেরার কথা জানিয়েছেন। অথচ রয়টার্সের প্রতিবেদনের প্রথম বাক্যেই স্পষ্ট করা হয়েছে, এ তথ্য এসেছে তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বিবৃতি থেকে। প্রতিবেদনে ‘হার স্পোকসপারসন টোল্ড রয়টার্স’ উল্লেখ থাকলেও দেশীয় গণমাধ্যমের শিরোনামে মুখপাত্রের পরিচয় না থাকায় তথ্যের প্রকৃত উৎস অস্পষ্ট হয়ে পড়েছে। শিরোনামের শেষে কোলন দিয়ে শুধু ‘রয়টার্স’ লেখায় মুখপাত্রের বক্তব্যকে শেখ হাসিনার সরাসরি বক্তব্য বলে মনে হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, রয়টার্সের প্রতিবেদনটি লিখেছেন ভারতীয় সাংবাদিক কৃষ্ণ এন দাস। বাংলাদেশ সময় মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা ৫৬ মিনিটে প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়, পরে তা সংশোধন করা হয়। প্রতিবেদনের প্রথম বাক্য ও সারসংক্ষেপে শেখ হাসিনার পক্ষের বক্তব্যের পাশাপাশি বাংলাদেশ সরকারের অবস্থানও তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, শেখ হাসিনা কেবল প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফিরতে পারবেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের অভিযোগ, দেশীয় অনেক গণমাধ্যমের শিরোনামে শুধু ‘বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান’—এই অংশটিই একপক্ষীয়ভাবে তুলে ধরা হয়েছে। একই অনুরোধকে বাংলাদেশ সরকার ‘অলীক’ বা ‘ডিলিউশনাল’ বলে নাকচ করেছে, সেই তথ্যের কোনো ইঙ্গিত শিরোনামে রাখা হয়নি। ফলে পাঠক শিরোনাম পড়ে খবরের গুরুত্বপূর্ণ একটি অংশ জানতে পারছেন না।
সুজাউদ্দৌলা আরও উল্লেখ করেন, রয়টার্সের প্রতিবেদনে থাকা কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্যও দেশীয় অনেক গণমাধ্যমে বাদ পড়েছে। এর মধ্যে রয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের তিনটি বক্তব্য। রয়টার্সকে তিনি বলেছেন, ‘হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী; একজন পলাতক সন্ত্রাসী।’ তার ভাষ্য, ‘তিনি কেবল প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই দেশে ফিরতে পারেন; হাতকড়া পরা অবস্থায় এবং কঠোর নজরদারিতে।’ উড়োজাহাজের অনুরোধ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এ ধরনের কোনো অলীক অনুরোধ গ্রহণ করবে না।’
ফেসবুক পোস্টে তিনি আরও জানান, রয়টার্সের প্রতিবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের বক্তব্যও রয়েছে। তিনি বলেছেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামির সরকারের কাছে দেশে ফেরার ব্যবস্থা আশা করা অযৌক্তিক।
এ ছাড়া মন্তব্য জানতে চাওয়া হলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে গত এপ্রিল মাসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, বাংলাদেশের পক্ষ থেকে করা প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে।
পোস্টের শেষাংশে ‘মেট্রিক্স চেম্বারের’ মাধ্যমে শেখ হাসিনার জাল স্বাক্ষর দিয়ে পাসপোর্ট আবেদনের ঘটনার প্রসঙ্গ টানেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব। বর্তমান বিবৃতিটিকেও তিনি একই ধরনের তৎপরতা এবং ভারতীয় সাংবাদিকের লেখা একধরনের ‘স্ট্যান্ডবাজিমূলক প্রতিবেদন’ হিসেবে অভিহিত করেন।
সময়ের আলো/এসএকে