প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:১৩ পিএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট চলাচল স্থগিত রাখার মেয়াদ আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর ২০২৬ (বাংলাদেশ সময়) পর্যন্ত এ রুটে নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। পুনরায় ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাসময়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
তবে ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে আগের ঘোষণা ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে। এসব রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে আগের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনা হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুট ব্যবহার করে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।
টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
সময়ের আলো/এসএকে