বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়ানো এবং এ দেশে বিনিয়োগ সম্প্রসারণে ভিয়েতনামের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই

2026-11-24T17:32:49+00:00
2026-11-24T17:32:49+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
জাতীয়
বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:৩২ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়ানো এবং এ দেশে বিনিয়োগ সম্প্রসারণে ভিয়েতনামের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান শুল্ক ও অশুল্ক বাধা দূর করতে দেশটির সহযোগিতা চেয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত চান থি সুয়ান ওয়ান পরিচয়পত্র পেশ করেন। পরে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি নবনিযুক্ত রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান এবং দায়িত্ব পালনে তাঁকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামের প্রতিও শুভেচ্ছা পৌঁছে দিতে রাষ্ট্রদূতকে অনুরোধ করেন তিনি। এ সময় দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন রাষ্ট্রদূত। তিনি ভিয়েতনামের প্রেসিডেন্টের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে দেশটি সফরের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি সুবিধাজনক সময়ে ভিয়েতনাম সফরে সম্মতি জানান।

দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য ভিয়েতনামের অনুকূলে রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশি পণ্য রপ্তানিতে শুল্ক ও অশুল্ক বাধা দূর করার আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশ থেকে ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, বাইসাইকেল, বস্ত্র খাতের কাঁচামাল, কাঁচাপাট ও পাটজাত পণ্য আরও বেশি আমদানির অনুরোধ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশে উৎপাদিত এসব পণ্য দামে প্রতিযোগিতামূলক ও উচ্চমানসম্পন্ন।’

চলতি বছরের মার্চ থেকে বাংলাদেশি রপ্তানিকারকদের আলু রপ্তানির অনুমতি দেওয়ায় ভিয়েতনামকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। অন্যদিকে, দুই দেশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক উদ্যোগ নেওয়ার কথা জানান রাষ্ট্রদূত।


ভিয়েতনামের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের মোটরসাইকেল সংযোজন, ইলেকট্রনিকস, জুতা ও কৃষিভিত্তিক প্রক্রিয়াজাতকরণ খাতের সম্ভাবনার কথা তুলে ধরেন রাষ্ট্রপতি। এসব খাতে বিনিয়োগের আহ্বান জানান তিনি। পাশাপাশি বাংলাদেশি পর্যটক, ব্যবসায়ী ও অন্যান্য ভ্রমণকারীর জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে রাষ্ট্রদূতের সহযোগিতা চান।

সাক্ষাতে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ভিয়েতনামের সহযোগিতা কামনা করেন রাষ্ট্রপতি। গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া রায়ের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ওই রায়ে ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যার বিষয়টি উঠে এসেছে। রায়টির পূর্ণাঙ্গ ও দ্রুত বাস্তবায়নে ভিয়েতনামের সমর্থন চান তিনি। এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত।

এ ছাড়া আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোট আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্বে (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রচেষ্টায় ভিয়েতনামের সমর্থন চান রাষ্ট্রপতি।

এর আগে সকালে বঙ্গভবনে পৌঁছালে ভিয়েতনামের রাষ্ট্রদূতকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব, পররাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বাংলাদেশ  পণ্য  আমদানি  বিনিয়োগ  রাষ্ট্রপতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: