প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:১৯ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন । ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন । ছবি : সংগৃহীতজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ার পর নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম খুঁজছেন দলটির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এ লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল, প্ল্যাটফর্ম ও ব্যক্তির সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করছেন তিনি। তবে এখনই কোনো দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেননি। আলোচনা শেষে আগামী ডিসেম্বরের পর নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করবেন বলে জানিয়েছেন তিনি।
এরই মধ্যে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ‘জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি’ (জেডিপি)-র পলিটিক্যাল কাউন্সিলের সঙ্গে বৈঠক করেন সামান্তা। ওই বৈঠকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর জেডিপিতে তার যোগ দেওয়ার গুঞ্জন শুরু হয়। নাঈম আহমাদের নেতৃত্বে গত ৩ এপ্রিল আত্মপ্রকাশ করে দলটি।
তবে, জেডিপিতে যোগ দেওয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সামান্তা শারমিন। তার ভাষ্য, আপাতত বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলছেন তিনি। আলোচনা শেষ না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন না। এ প্রক্রিয়া শেষ করে ডিসেম্বরের পর নিজের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ ঠিক করবেন।
জেডিপির আগে মাহফুজ আলম, তাসনিম জারা ও অনিক রায়ের সঙ্গেও বৈঠক করেছেন সামান্তা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আরও একটি রাজনৈতিক দলের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানের পর জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র হিসেবে পরিচিতি পান সামান্তা শারমিন। পরে এনসিপির প্রতিষ্ঠাকালীন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান তিনি। তবে গত ডিসেম্বরে জামায়াতের সঙ্গে এনসিপির জোটবদ্ধ হওয়ার পর থেকে দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয় হয়ে পড়েন তিনি।
গত ২৩ অক্টোবর এনসিপির কমিটি পুনর্গঠন করে তাকে যুগ্ম আহ্বায়ক করা হয়। এর ১৩ দিনের মাথায়, গত ৫ নভেম্বর দল থেকে পদত্যাগ করেন সামান্তা। এরপর থেকেই নতুন রাজনৈতিক পথ খুঁজতে বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি।
সময়ের আলো/এসকে