
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবিএকসময় মাদারীপুরের শিবচরের বিস্তীর্ণ মাঠজুড়ে দোল খেত সোনালি ধান, সবুজ পাট আর সরিষার হলুদ ফুল। কোথাও পানবরজ, কোথাও রসুন, বাদামসহ নানা মৌসুমি ফসলের সমারোহ। পদ্মার পলিমাটিতে গড়ে ওঠা এই জনপদের মানুষের জীবন-জীবিকা ও গ্রামীণ অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষি। প্রজন্মের পর প্রজন্ম চাষাবাদ করেই জীবিকা নির্বাহ করেছেন এখানকার মানুষ।
তবে সময়ের সঙ্গে বদলে যাচ্ছে সেই চিরচেনা দৃশ্যপট। কৃষিপ্রধান শিবচরে বাড়ছে সড়ক, রেলপথ, আবাসন, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বিভিন্ন অবকাঠামো। পদ্মা সেতু চালুর পর যোগাযোগব্যবস্থায় এসেছে বড় পরিবর্তন। অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসারের পাশাপাশি বেড়েছে জমির দাম। গড়ে উঠছে নতুন নতুন স্থাপনা। কিন্তু উন্নয়নের এই পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে সংকুচিত হচ্ছে কৃষিজমি। মাত্র ছয় বছরের ব্যবধানে উপজেলায় আবাদযোগ্য জমি কমেছে ১ হাজার ৮৫ হেক্টর।
পদ্মা সেতুর সংযোগ সড়ক, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও রেলপথ নির্মাণ এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি এনেছে। রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ হওয়ায় মানুষের জীবনযাত্রায় এসেছে পরিবর্তন। বেড়েছে ব্যবসা-বাণিজ্য ও আবাসন খাতের বিস্তার। তবে এসব অবকাঠামো নির্মাণে কৃষিজমির ব্যবহারও বেড়েছে।
শুধু উন্নয়ন প্রকল্প নয়, পদ্মার ভাঙন, জমি বিক্রি, পারিবারিক সম্পত্তির বিভাজন এবং নতুন বসতবাড়ি নির্মাণের কারণেও কমছে চাষযোগ্য জমি। ফলে একদিকে অবকাঠামোগত উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে, অন্যদিকে খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান সম্পদ কৃষিজমি হারিয়ে যাচ্ছে।
ছয় বছরে কমেছে ১ হাজার ৮৫ হেক্টর
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, ২০২০ সালের কৃষিশুমারিতে শিবচরে মোট আবাদযোগ্য জমির পরিমাণ ছিল ২২ হাজার ৭৪০ হেক্টর। এর মধ্যে এক ফসলি জমি ১ হাজার ৩১০ হেক্টর, দুই ফসলি ১৪ হাজার ৭৮০ হেক্টর এবং তিন ফসলি জমি ছিল ৬ হাজার ৬৫০ হেক্টর।
অন্যদিকে, ২০২৬ সালের কৃষিশুমারিতে উপজেলায় আবাদযোগ্য জমির পরিমাণ পাওয়া গেছে ২১ হাজার ৬৫৫ হেক্টর। অর্থাৎ ছয় বছরে কমেছে ১ হাজার ৮৫ হেক্টর। শতকরা হিসাবে এই হ্রাসের পরিমাণ প্রায় ৪ দশমিক ৮ শতাংশ।
২০২৬ সালের হিসাব অনুযায়ী, বর্তমানে শিবচরে এক ফসলি জমি ২ হাজার ১৫ হেক্টর, দুই ফসলি ১২ হাজার ৩৩৪ হেক্টর, তিন ফসলি ৫ হাজার ৭৪৬ হেক্টর এবং চার ফসলি জমি রয়েছে ১০০ হেক্টর।
এই পরিসংখ্যান শুধু আবাদযোগ্য জমির পরিমাণ কমার চিত্র তুলে ধরে না, বরং কৃষিনির্ভর জনপদটির পরিবর্তিত বাস্তবতাও স্পষ্ট করে। বিশেষ করে দুই ও তিন ফসলি জমির পরিমাণ কমে যাওয়ায় স্থানীয় কৃষি উৎপাদনের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
কৃষিজমি রক্ষায় প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ
শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলিমুজ্জামান খান উপজেলায় আবাদযোগ্য কৃষিজমির পরিমাণ কমে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে কৃষকদের কৃষিকাজে ধরে রাখা এবং উৎপাদন বাড়াতে কৃষি বিভাগের বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছেন তিনি।
আলিমুজ্জামান খান বলেন, আবাদযোগ্য কৃষিজমি কমছে, এটি সত্য। শুধু শিবচরে নয়, সারা দেশেই কৃষিজমির পরিমাণ কমছে। উপজেলা কৃষি অফিস সব সময় কৃষকদের পাশে রয়েছে। যারা কৃষিপেশা ছেড়ে দিয়েছেন, তাঁদের বিষয়ে সরাসরি হস্তক্ষেপের সুযোগ না থাকলেও বর্তমানে যারা কৃষিকাজে যুক্ত রয়েছেন, তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বিভিন্ন সেমিনারের মাধ্যমে মানুষকে কৃষিকাজে উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে অল্প জমিতে কীভাবে বেশি ফলন পাওয়া যায়, সে বিষয়ে কৃষকদের প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে।
বাপ-দাদার জমিতে কমেছে চাষাবাদ
শিবচরের বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পারিবারিক প্রয়োজন, অর্থনৈতিক সংকট ও উত্তরাধিকার সূত্রে জমি ভাগ-বাঁটোয়ারার কারণে অনেকে কৃষিজমি বিক্রি করছেন। কেউ সেখানে বসতবাড়ি নির্মাণ করছেন, আবার কেউ জমি বিক্রির অর্থ দিয়ে সন্তানদের বিদেশে পাঠাচ্ছেন। ফলে কৃষিনির্ভর পরিবারের নতুন প্রজন্মের অনেকেই পেশা হিসেবে কৃষিকে বেছে নিচ্ছেন না।
শেখপুর এলাকার কৃষক রেজাউল হাওলাদারের পরিবারের গল্পও তেমনই। তার বাবা ১২ বিঘা জমিতে বিভিন্ন মৌসুমে ধান, পাটসহ নানা ফসল আবাদ করতেন। এসব জমিই ছিল পরিবারের আয়ের অন্যতম প্রধান উৎস।
বাবার মৃত্যুর পর দুই ভাইয়ের মধ্যে জমি ভাগ হয়ে যায়। বড় ভাই নিজের অংশের বেশির ভাগ জমি বিক্রি করে ঢাকায় বসবাস শুরু করেন। রেজাউলও নিজের জমির কিছু অংশ বিক্রি করেছেন। বাকি কিছু জমিতে নির্মাণ করেছেন বাড়ি। বর্তমানে তাঁর হাতে রয়েছে মাত্র তিন বিঘা জমি। এই জমিতে ধান, পাট ও রসুনের চাষ করেন তিনি।
তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন এই কৃষক। রেজাউল হাওলাদার বলেন, আগে তাঁদের পরিবারের অনেক জমি ছিল। তার বাবা সব জমিতে বিভিন্ন ধরনের ফসল আবাদ করতেন। এখন জমি কমে গেছে। তেল ও সারের দাম যেভাবে বাড়ছে, তাতে আগামী বছর কতটুকু চাষাবাদ করতে পারবেন, তা নিয়ে চিন্তিত তিনি।
কৃষকের এই দুশ্চিন্তার সঙ্গে যুক্ত হয়েছে উৎপাদন ব্যয় বৃদ্ধি, শ্রমিক সংকট এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কা। জমির পরিমাণ কমে যাওয়ার পাশাপাশি এসব কারণেও অনেকে ধীরে ধীরে কৃষিকাজ থেকে সরে যাচ্ছেন।
পদ্মার ভাঙনে হারাচ্ছেন জমি ও জীবিকা
শিবচরে কৃষিজমি কমে যাওয়ার অন্যতম বড় কারণ পদ্মার ভাঙন। নদীতীরবর্তী চরাঞ্চলের অনেক পরিবার বছরের পর বছর ধরে ভাঙনের সঙ্গে লড়াই করছে। ফসলি জমি, বসতভিটা ও গাছপালা হারিয়ে বারবার নতুন করে জীবন শুরু করতে হচ্ছে তাদের।
চরজানাজাত ইউনিয়নের বেপারীকান্দি গ্রামের কৃষক সামাদ মোল্লা একসময় আট বিঘা জমির মালিক ছিলেন। কিন্তু পদ্মার ভাঙনে তার সব জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে অন্যভাবে পাওয়া তিন বিঘা জমিতে কালোজিরা ও বাদাম চাষ করছেন তিনি। তবে নদীভাঙন অব্যাহত থাকলে এই জমিটুকুও হারানোর আশঙ্কা করছেন।
সামাদ মোল্লা বলেন, আগে তাদের আট বিঘা জমি ছিল। পদ্মার ভাঙনে সব জমি চলে গেছে। এখন তিন বিঘা জমিতে চাষাবাদ করছেন। নদী যেভাবে ভাঙছে, তাতে এই জমিও থাকবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
নদীভাঙনে জমি হারানো এসব কৃষকের কাছে ক্ষতি শুধু সম্পত্তি হারানোর মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে হারিয়ে যাচ্ছে দীর্ঘদিনের পেশা ও জীবিকার অবলম্বন। নতুন করে জমি কেনার সামর্থ্য না থাকায় অনেককে কৃষিকাজ ছেড়ে অন্য পেশায় যেতে হচ্ছে।
উন্নয়ন প্রকল্পে জমি দিয়ে বদলেছে জীবনের পথ
অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও কৃষিজমির পরিমাণ কমেছে। পদ্মা সেতুর সংযোগ সড়কসহ বিভিন্ন প্রকল্পের জন্য অনেক কৃষকের জমি অধিগ্রহণ করা হয়েছে। কেউ ক্ষতিপূরণের অর্থ পেলেও পরে আর কৃষিকাজে ফেরেননি।
পাচ্চর ইউনিয়নের কৃষক মাসুদ মিয়ার জীবনেও এসেছে এমন পরিবর্তন। তার বাবা কৃষিকাজ করতেন। বাবার পথ অনুসরণ করে তিনিও কৃষির সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু পদ্মা সেতুর সংযোগ সড়ক নির্মাণের সময় তাঁদের জমির বেশির ভাগ অধিগ্রহণ করা হয়।
জমির বিপরীতে পাওয়া ক্ষতিপূরণের অর্থ দিয়ে ছেলেকে ইতালি পাঠিয়েছেন মাসুদ মিয়া। বর্তমানে রাস্তার পাশে কিছু জমি অবশিষ্ট থাকলেও সেখানে আর চাষাবাদ করেন না তিনি।
এ ধরনের ঘটনা শিবচরের কৃষিনির্ভর পরিবারগুলোর পেশাগত পরিবর্তনের চিত্র তুলে ধরে। জমি অধিগ্রহণের ক্ষতিপূরণে অনেক পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তন হলেও কৃষি উৎপাদনের সঙ্গে তাঁদের দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন হচ্ছে।
কৃষিতে ফিরুক তরুণ প্রজন্ম
কৃষিজমি কমে যাওয়ার পাশাপাশি কৃষিপেশা থেকে মানুষের সরে যাওয়াকে ভবিষ্যতের জন্য উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, কৃষিকে লাভজনক ও মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে না পারলে নতুন প্রজন্মকে এই পেশায় ধরে রাখা কঠিন হবে।
শুধু কৃষিজমির পরিমাণ বাড়ানো নয়, বিদ্যমান জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করাও জরুরি। কৃষিবিদ ও শিক্ষক আনন্দ সাহা মনে করেন, প্রকৃত কৃষকের সংখ্যা কমে যাওয়া কৃষির জন্য বড় চ্যালেঞ্জ। তবে নতুন প্রজন্মের মধ্যে আধুনিক কৃষির প্রতি আগ্রহ তৈরি হচ্ছে। বিশেষ করে বিদেশ থেকে ফিরে আসা অনেক তরুণ কৃষিকাজে যুক্ত হওয়ার চেষ্টা করছেন। কিন্তু পর্যাপ্ত প্রশিক্ষণ ও প্রযুক্তিগত জ্ঞানের অভাবে তাঁদের অনেকে সফল হতে পারছেন না।
আনন্দ সাহা বলেন, প্রকৃত কৃষকেরা হারিয়ে যাচ্ছেন। তবে এখন অনেক তরুণ বিদেশ থেকে ফিরে আধুনিক কৃষির দিকে ঝুঁকছেন। পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকায় তারা সফল হতে পারছেন না। তাঁর মতে, শিক্ষাজীবন থেকেই শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক কৃষিশিক্ষা দেওয়া প্রয়োজন। পাশাপাশি কৃষিকাজ করেও যে লাভবান হওয়া সম্ভব, সেই ধারণা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এতে কৃষিভিত্তিক সমাজব্যবস্থার সুদিন ফিরতে পারে।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কৃষিবিষয়ক বাস্তবমুখী শিক্ষা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষিকে উদ্যোক্তা হওয়ার সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে তুলে ধরতে হবে। এতে তরুণদের কৃষিতে আগ্রহ বাড়বে এবং সীমিত জমিতেও অধিক উৎপাদন সম্ভব হবে।
সব মিলিয়ে শিবচরের পরিবর্তিত বাস্তবতা উন্নয়ন ও কৃষির মধ্যে ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এসেছে। পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে ও রেলপথ এ অঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে উন্নয়নের এই অগ্রযাত্রায় কৃষিজমি হারিয়ে গেলে দীর্ঘমেয়াদে খাদ্য উৎপাদন ও গ্রামীণ অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে কৃষিজমির ব্যবহার কমানো এবং বিশেষ করে উর্বর ও বহুফসলি জমি সংরক্ষণে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি নদীভাঙন প্রতিরোধ, কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, আধুনিক কৃষিপ্রযুক্তির সম্প্রসারণ এবং তরুণদের কৃষিতে সম্পৃক্ত করার উদ্যোগ জোরদার করা প্রয়োজন।
কারণ কৃষিজমি শুধু সম্পত্তি নয়; এটি খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান ও গ্রামীণ অর্থনীতির অন্যতম ভিত্তি। শিবচরের মাঠে একসময় যে ফসলের সমারোহ ছিল, তা ধরে রাখতে না পারলে উন্নয়নের ঝলমলে অবকাঠামোর আড়ালে হারিয়ে যেতে পারে জনপদটির কৃষিভিত্তিক ঐতিহ্য। তাই উন্নয়ন হোক, তবে কৃষিজমি ও কৃষকের অস্তিত্ব রক্ষা করেই।
সময়ের আলো/জোই