চকবাজারে একটি প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন আগুন পুরোপুরি নির্বাপণ করা হয় । ছবি : সংগৃহীত
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন সাত ঘণ্টারও বেশি সময় পর পুরোপুরি নির্বাপণ করেছে ফায়ার সার্ভিস। সাততলা ভবনের চতুর্থ তলায় অবস্থিত গোডাউনটিতে বিপুল পরিমাণ মালামাল গাদাগাদি করে রাখা এবং বায়ু চলাচলের ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। তবে আগুন আশপাশে ছড়িয়ে পড়তে পারেনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১০টা ২২ মিনিটে পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়। ওই দিন রাতে ঘটনাস্থলে আয়োজিত সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের ঢাকা জোন-১-এর জোন কমান্ডার মোহাম্মদ এনামুল হক এসব তথ্য জানান।
তিনি বলেন, সাততলা ভবনটির চতুর্থ তলায় অবস্থিত গোডাউনে প্রচুর মালামাল গাদাগাদি করে রাখা ছিল। ভবনটিতে একটি মাত্র সংকীর্ণ সিঁড়ি থাকায় এবং পর্যাপ্ত ভেন্টিলেশন না থাকায় ভেতরে ধোঁয়া ও তাপ জমে যায়। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীদের বেশ বেগ পেতে হয়েছে।
এনামুল হক বলেন, পরিস্থিতি বিবেচনায় সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট আনা হয়। সব মিলিয়ে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন আশপাশের ভবন বা এলাকায় ছড়িয়ে পড়েনি।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।
ভবনটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থার ঘাটতির বিষয়টি তুলে ধরে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, কয়েক দিন আগেই ওই এলাকায় জনসচেতনতা বাড়াতে মহড়া চালানো হয়েছিল। এ সময় স্থানীয়দের ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ সম্পর্কে জানানোসহ অগ্নিকাণ্ডের সময় করণীয় এবং নিরাপদে মালামাল মজুত রাখার বিষয়ে পরামর্শ দেওয়া হয়। কিন্তু ভবনটিতে একটি মাত্র সংকীর্ণ সিঁড়ি এবং গাদাগাদি করে মালামাল রাখার মতো অব্যবস্থাপনা ছিল। এসব কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লেগেছে।
সময়ের আলো/এসকে