প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৩:০০ এএম

রাজধানীতে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে । ছবি : সংগৃহীত
রাজধানীতে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে । ছবি : সংগৃহীতরাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়। আগুনে বাস তিনটিরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পল্লবী ও বাড্ডা এলাকায় এসব ঘটনা ঘটে। সর্বশেষ রাত সাড়ে ১১টার দিকে পল্লবী থানার কালশী রোডে বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারের পাশে বিহঙ্গ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। ওই সময় বাসে কোনো যাত্রী ছিলেন না।
দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চলন্ত বাসটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে পুরো বাস পুড়ে গেলেও কেউ হতাহত হননি। কারা কীভাবে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে, সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে পল্লবীর মিরপুর-১১ নম্বরের বিহারি মিল্লাত ক্যাম্পসংলগ্ন এলাকায় পার্কিংয়ে থাকা মধুমতী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটির ভেতরের অধিকাংশ আসন ও জানালার কাচ পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ছাড়া, রাত ৯টা ৫০ মিনিটের দিকে মেরুল বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনের সড়কে আলিফ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়। এ সময় বাসের যাত্রীরা দ্রুত নেমে যেতে সক্ষম হন। আগুনে বাসটির সব আসন পুড়ে যায়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসটির পেছনের আসনে গানপাউডার ছিটিয়ে রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনটি অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
সময়ের আলো/এসকে