
ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলো দীর্ঘদিনের চিরচেনা রেশন বিক্রির চিত্রে এবার অনেকটাই চিড় ধরেছে। এখন আর প্রকাশ্যে সরকারি রেশন বিক্রি হয় না রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের ৩ নম্বর গেটে। সময়ের আলোতে গত ৯ নভেম্বর ছবিসহ ‘রাজারবাগে রেশন বিক্রির হাট’ শিরোনামে সংবাদ প্রকাশ হলে নড়েচড়ে বসে পুলিশ কর্তৃপক্ষ। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় এই প্রকাশ্যে রেশন বিক্রির কার্যক্রম। ফলে ওই এলাকাটির যানজটও এখন অনেকটা কমে এসেছে।
অন্যদিকে প্রকাশ্যে বিক্রি বন্ধ হলেও পুরোপুরো বন্ধ হয়নি সেই বিক্রয় কার্যক্রম। ‘প্লান বি’-এর মতো করে গোপনে এবং লোকসংখ্যা কমিয়ে রিকশা কিংবা সিএনজিতে করে গেট থেকে সেসব রেশন সরিয়ে আনা হয় ভেতরের গলিতে বা পাশের রাস্তায়। পরে তা আগের মতো করে বিক্রি করা হয় খুচরা ব্যবসায়ী কিংবা ক্রেতাদের কাছে। দিনভর চুপি চুপি চলে এই কেনা-বেচা।
মঙ্গলবার পুলিশ লাইন্সের ওই এলাকায় সরেজমিনে দেখা যায়, গেটের সামনে আগের মতো নেই কোনো জটলা। তবে গেটের একপাশে দুয়েকজন পুলিশ কর্মকর্তা রেশন নিয়ে এলে সঙ্গে সঙ্গে তা রিকশা কিংবা সিএনজিতে তুলে দেন চালক। আর সেখানে দুয়েকজন ডিলারকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
আর গেটের সামনের রাস্তার অন্যপাশে উঁকি দিয়ে চেয়ে থাকেন আরও কিছু ডিলার। সেখানে দাঁড়িয়েই খেয়াল করেন কোনো পুলিশ সদস্য রেশন নিয়ে বেরুলেন কি না কিংবা রেশনের বস্তা বাইরে আসছে কি না। পরে আগে থেকে করা চুক্তি বা দরদামের পর কোনো জটলা ছাড়াই সেসব পণ্য বস্তায় ভরে রিকশায় করে খুচরা দোকানে পাঠিয়ে দেন তারা।
নজর যায় কালো রংয়ের টি শার্ট পরা এক যুবকের দিকে। তার হাতে কোনো কিছুই নেই। তবে গেঞ্জির ভেতরে পিঠের দিকে অনেকটা ফুলে আছে। পরক্ষণে বোঝা যায় সেগুলো ভাঁজ করে রাখা বস্তা। যখন মাল আসে তখন তিনি সেই বস্তা বের করে দ্রুত মালগুলো ভর্তি করে ভেতরে নিয়ে যান। এ ছাড়া বাকি প্রায় সবাই এখন পুলিশ লাইন্সের বিপরীত পাশের রাস্তায় জড়ো করেন সেসব রেশনের পণ্য। সবমিলিয়ে সেখানে যেন চলছে লুকোচুরি খেলা। একদিকে তাদের ভয় যেন কোনো জটলা না বাঁধে কিংবা পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ না দেখেন। অন্যদিকে খোদ পুলিশের সদস্যরাই এনে বিক্রি করেন সেসব। কিছুক্ষণ দাঁড়ালেই সেই দৃশ্য দেখে বুঝে উঠবে যে কেউ। তবে এখন বেশ শৃঙ্খলায় এবং অল্প সময়েই শেষ করা হয় বেচাবিক্রির কাজ।
অন্যদিকে প্রকাশ্যে রেশন বিক্রি বন্ধের বিষয়ে জানতে চাইলে একাধিক ডিলার জানান, এখানে পুলিশের নিষেধ আছে যাওয়ার। সাংবাদিকরা নিউজ করছে। এরপর থেকে বিক্রি বন্ধ। কথা হয় সেখানকার ষাটোর্ধ এক ডিলারের সঙ্গে। তিনি প্রতিবেদককে বলেন, মামা এহন গেট থেকে মাল আনি না, সমস্যা আছে। নিষেধ কইরা দিছে সরাসরি গেটের সামনে মাল না কেনা—বেচা করতে। সাংবাদিকরা নাকি নিউজ করছে। মোবাইলেও দেখছি আমরা, সবাই দেখছে। এরপর থেকে সবাই রাস্তার এ পাশে নিয়ে এসে বিক্রি করে।
এ ছাড়া কি নিউজ হইছে— এমন প্রশ্নে তিনি বলেন, রাজারবাগে রেশনের হাট— এমন একটা কথা লইয়া নিউজ হইছে। সবার মোবাইলে মোবাইলে তা ঘুরতাছে।
তিনি বলেন, পুলিশ লাইন্সের ভেতরে ঠিকই বিক্রি হয়। আমরা দুই টাকা লাভ করে ব্যবসা করি— আর আমাদের নিয়েই যত সমস্যা। ভেতরে যারা বিক্রি করে তাদেরও তো ধরতে হইবো। তারা পুলিশের মেসে লাগে বইল্যা হাজার হাজার টাকার রেশন অন্যদের কাছে বিক্রি করে। এতো রেশন কি আর মেসে লাগে? আর এইটা যদি অপরাধ হয় তা হলে সরকারই বন্ধ কইরা দিক- রেশন দেওয়া বা বেচাবিক্রি করতে নিষেধ কইরা দিক। তা হলেই তো আর আমরা আসতাম না।
অন্যদিকে কতদিন ধরে এমন গোপনে কেনা-বেচা হয় জানতে চাইলে তিনি বলেন, এই এক সপ্তাহের বেশি সময় ধরে এমন চলছে।
তবে আরেক ডিলার জানান, প্রায় ১৫ দিন ধরেই এভাবে রেশন বিক্রি হচ্ছে। গেটের সামনে থাকা এক পান দোকানি এই বিষয়ে বলেন, এহন এখানে ঝামেলা চলছে। তাই সবাই আড়ালে থাইকা রেশন কিনতাছে আর বেচতাছে।
সময়ের আলো/প্রিন্ট/জেডি