প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:৪১ পিএম

ইউএস-বাংলা এয়ারলাইন্স। পুরোনো ছবি।
ইউএস-বাংলা এয়ারলাইন্স। পুরোনো ছবি। যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়ার পর উড্ডয়নের ঠিক আগে ঢাকা-জেদ্দাগামী একটি ফ্লাইটের যাত্রা বাতিল করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। রোববার (২৯ নভেম্বর) বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রস্তুতির সময় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই। সব যাত্রী নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
বিকেল ৪টা ১০ মিনিটে ইউএস-বাংলার বিএস-৩৬১ ফ্লাইটটির জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ছিল। উড্ডয়নের ঠিক আগে ককপিটে যান্ত্রিক ত্রুটির সংকেত পান পাইলট। পরে নিরাপত্তার স্বার্থে উড্ডয়ন বাতিলের সিদ্ধান্ত নেন তিনি।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) মো. কামরুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উড়োজাহাজের ইন্সট্রুমেন্ট ইন্ডিকেশনে অসামঞ্জস্য দেখা দেওয়ায় ককপিটে ত্রুটির সংকেত পাওয়া যায়। এ পরিস্থিতিতে পাইলটের উড্ডয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া এভিয়েশনের স্বাভাবিক নিরাপত্তা প্রক্রিয়ার অংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শেষ মুহূর্তে উড্ডয়ন বাতিলের সময় রানওয়ের সঙ্গে উড়োজাহাজের চাকার অতিরিক্ত ঘর্ষণে ধোঁয়া তৈরি হয়। তবে ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার কিংবা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি। নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে উড়োজাহাজটি রানওয়ে থেকে পার্কিং এলাকায় নেওয়া হয়। এরপর যাত্রীদের দ্রুত নামিয়ে আনা হয়।
এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা বর্তমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে নিরাপদে অবস্থান করছেন। তাদের জেদ্দায় পৌঁছে দিতে শিগগিরই ইউএস-বাংলার আরেকটি উড়োজাহাজ পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
সময়ের আলো/জেডি