১৫ মিনিটে লাগেজ পৌঁছাতে ব্যর্থ হলে জরিমানা ৩৫ হাজার ডলার

জাতীয়

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে যাত্রীসেবার মান নিশ্চিত করতে সময়সীমা ও কার্যদক্ষতার নির্দিষ্ট মানদণ্ড বেঁধে দিচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান

2026-11-29T19:37:38+00:00
2026-11-29T19:38:03+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
জাতীয়
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে
১৫ মিনিটে লাগেজ পৌঁছাতে ব্যর্থ হলে জরিমানা ৩৫ হাজার ডলার
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৭:৩৭ পিএম  আপডেট: ২৯.১১.২০২৬ ৭:৩৮ পিএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। সংগৃহীত ছবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। সংগৃহীত ছবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে যাত্রীসেবার মান নিশ্চিত করতে সময়সীমা ও কার্যদক্ষতার নির্দিষ্ট মানদণ্ড বেঁধে দিচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।  

নতুন চুক্তি অনুযায়ী, উড়োজাহাজ অবতরণের ১৫ মিনিটের মধ্যে যাত্রীদের হাতে প্রথম লাগেজ পৌঁছে দিতে হবে। শেষ লাগেজ সরবরাহের সময়সীমা ন্যারো-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪২ দশমিক ৫ মিনিট এবং ওয়াইড-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪৭ দশমিক ৫ মিনিট।  

নির্ধারিত সেবার মান বজায় রাখতে ব্যর্থ হলে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে ৫ হাজার থেকে ৩৫ হাজার ডলার পর্যন্ত জরিমানা গুনতে হবে। ব্যর্থতার ধরন ও একই ধরনের অনিয়মের পুনরাবৃত্তির ওপর জরিমানার পরিমাণ নির্ধারিত হবে। 

তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে আগামীকাল সোমবার জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি সই করবে বেবিচক। রোববার (২৯ নভেম্বর) ঢাকায় সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। 

চুক্তি অনুযায়ী, লাগেজ সরবরাহ, চেক-ইন, কার্গো ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, আলোকসজ্জা, পার্কিং এবং লিফট ও এস্কেলেটরের কার্যকারিতাসহ বিভিন্ন সেবায় নির্ধারিত ন্যূনতম মান বজায় রাখতে হবে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে। এসব সেবার মান যাচাইয়ে কার্যদক্ষতার সূচক (কেপিআই) অনুসরণ করা হবে।

চেক-ইন কাউন্টারে যাত্রীদের অপেক্ষার সময়ও নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। মানদণ্ড অনুযায়ী, বিজনেস শ্রেণির যাত্রীদের গড় অপেক্ষার সময় ৫ বা ১০ মিনিটের মধ্যে রাখতে হবে। ইকোনমি শ্রেণির যাত্রীদের ক্ষেত্রে এ সময়সীমা হবে ২০ বা ৩০ মিনিট। 

এ ছাড়া লাগেজ হ্যান্ডলিং সিস্টেম, কমন-ইউজ টার্মিনাল ইকুইপমেন্ট, সেলফ-চেক-ইন ব্যবস্থা এবং ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও সেবা অন্তত ৯৫ বা ৯৮ শতাংশ সময় সচল রাখতে হবে। 


সব নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট তৃতীয় টার্মিনালে স্থানান্তরের দিন থেকে ১৫ বছর মেয়াদি চুক্তির কার্যকাল শুরু হবে। চুক্তি স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে টার্মিনালটি হস্তান্তর করা হবে।

হস্তান্তরের আট মাসের মধ্যে অন্তত ২৫ শতাংশ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার দায়িত্ব নিতে হবে প্রতিষ্ঠানটিকে। আর ১৪ মাসের মধ্যে সব নিয়মিত আন্তর্জাতিক যাত্রীবাহী ও কার্গো ফ্লাইট তৃতীয় টার্মিনালে স্থানান্তরের লক্ষ্যমাত্রা রয়েছে। 

এদিকে, ধাপে ধাপে কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবে আগামী ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে টার্মিনালটির আংশিক কার্যক্রম চালুর প্রস্তুতি নিচ্ছে বেবিচক। 

চুক্তি অনুযায়ী, জাপানি কনসোর্টিয়াম নিজস্ব অর্থায়নে তৃতীয় টার্মিনাল, বহুতল পার্কিং ভবন এবং নতুন আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে।

তবে রানওয়ে পরিচালনা, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিমান চলাচলের নিরাপত্তা, অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের দায়িত্ব বেবিচকের কাছেই থাকবে। ইমিগ্রেশন, কাস্টমসসহ অন্যান্য সরকারি সেবা সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিচালনা করবে। 

রাজস্ব ভাগাভাগির শর্ত অনুযায়ী, যাত্রী ও কার্গো সেবা থেকে অর্জিত আয়ের ১৩ দশমিক ৫ শতাংশ প্রতি মাসে বেবিচককে দিতে হবে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে। টার্মিনালটি নির্ধারিত পূর্ণ সক্ষমতায় পৌঁছালে রাজস্ব ভাগের এ হার বেড়ে ২৭ শতাংশ হবে।


সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   তৃতীয় টার্মিনাল  লাগেজ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: