সপ্তাহে তিন দিন রাত ১০টা, তিন দিন ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

জাতীয়

সপ্তাহে তিন দিন রাত ১০টা এবং বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

2026-11-29T19:49:48+00:00
2026-11-29T19:49:48+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
জাতীয়
সপ্তাহে তিন দিন রাত ১০টা, তিন দিন ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৭:৪৯ পিএম 
পাশাপাশি মার্কেটে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনে ৫ শতাংশ সুদে ৫ থেকে ৭ বছর মেয়াদে ঋণ দেবে সরকার। সংগৃহীত ছবি
পাশাপাশি মার্কেটে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনে ৫ শতাংশ সুদে ৫ থেকে ৭ বছর মেয়াদে ঋণ দেবে সরকার। সংগৃহীত ছবি
সপ্তাহে তিন দিন রাত ১০টা এবং বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি মার্কেটে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনে ৫ শতাংশ সুদে ৫ থেকে ৭ বছর মেয়াদে ঋণ দেবে সরকার।

রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ সচিব এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান উপস্থিত ছিলেন। পরে দোকান মালিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব মার্কেট সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন করতে আগ্রহী, তাদের ৫ শতাংশ সুদে ৫ থেকে ৭ বছর মেয়াদে ঋণ দেওয়া হবে। প্যানেলের মান নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এরপরও নিম্নমানের প্যানেল ব্যবহার করা হলে বিএসটিআই ও স্থাপনকারী প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনার কথা বলা হয়েছে। 

বৈঠকে দেশের নিয়মিত বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টিও তুলে ধরে দোকান মালিক সমিতি। সংগঠনটির দাবি, অতীতের মতো এখনো সারাদেশে প্রতিদিন তিন থেকে পাঁচবার বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। সাধারণ মানুষ একে লোডশেডিং মনে করলেও প্রকৃতপক্ষে এগুলো বিদ্যুৎ বিভ্রাট। গড়ে একজন গ্রাহক বছরে ১ হাজার ৯৫ বার এ সমস্যার মুখে পড়ছেন, যা গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞপ্তিতে থাইল্যান্ডের উদাহরণ দিয়ে বলা হয়, একই ধরনের আবহাওয়ার দেশটিতে বছরে মাত্র একবার ৫ থেকে ৭ মিনিট বিদ্যুৎ বিভ্রাট হয়। বাংলাদেশে এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানালে মন্ত্রী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।


বৈঠকে প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকদের ভীতি ও অনাগ্রহের বিষয়টিও আলোচনায় আসে। সমিতির ভাষ্য, দুই হাজার টাকার কার্ড কিনে মিটারে রিচার্জ করার পর তুলনামূলক কম অর্থ প্রদর্শিত হয়। ম্যানুয়াল বিলে পিক আওয়ার, অফ পিক আওয়ার, ডিমান্ড চার্জ ও ভ্যাটসহ বিভিন্ন খাতে অর্থ কেটে নেওয়া হয়। মিটার ভাড়া বাতিল করা হলেও এ-সংক্রান্ত পরিপত্র না থাকায় এখনো তা কাটা হচ্ছে।

এ অবস্থায় মোবাইল ফোনে রিচার্জের পদ্ধতির উদাহরণ দিয়ে সমিতির পক্ষ থেকে প্রস্তাব করা হয়, গ্রাহক মিটারে যে পরিমাণ অর্থ রিচার্জ করবেন, মিটারে যেন সেই পরিমাণই প্রদর্শিত হয়। অন্যান্য প্রযোজ্য চার্জ সফটওয়্যারের মাধ্যমে সমন্বয়ের প্রস্তাবও দেওয়া হয়। 

সংগঠনটির বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, মন্ত্রী এ প্রস্তাবে সম্মতি দিয়েছেন। ফলে এখন থেকে রিচার্জ করা অর্থই মিটারে প্রদর্শিত হবে। 

এ ছাড়া বাড়ি বা প্রতিষ্ঠানের সার্ভিস লাইনের তার চুরি হয়ে শত শত গ্রাহকের লাখ লাখ টাকার ক্ষতির বিষয়টি বৈঠকে তুলে ধরে সমিতি। এ ধরনের চুরি বন্ধে সংশ্লিষ্ট এলাকার নির্বাহী প্রকৌশলীদের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হলে মন্ত্রী এ বিষয়েও পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। 


সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   মার্কেট  দোকানপাট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: