একটি দেশের একক সংস্কৃতি যখন অন্যান্য দেশের সংস্কৃতিকে ধ্বংস করে নিজের আধিপত্য বিস্তার করতে চায় এবং অন্য সংস্কৃতির স্থান যখন সেই সংস্কৃতি নিয়ে নেয় তখন তাকে সাংস্কৃতিক আগ্রাসন বলে। আমাদের রয়েছে নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। অথচ আমাদের এই নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি আজ ভিনদেশি সাংস্কৃতিক আগ্রাসনের শিকার।
সাংস্কৃতিক আগ্রাসনের ভেতর দিয়ে একটা দেশের নিজস্ব ইতিহাস, মূল্যবোধ ও বিশ্বাসের ধরন উল্টাপাল্টা করে দেওয়া হয়। অস্পষ্ট করে তোলা হয় তার আত্মপরিচয়। ভিনদেশি সংস্কৃতির প্রভাবে আমাদের গৌরবোজ্জ্বল সংস্কৃতি আজ হারিয়ে যেতে বসেছে। আকাশ সংস্কৃতির আগ্রাসন আমাদের সংস্কৃতির জন্য আজ বড় হুমকি। আমাদের শিশুরা বিদেশি চ্যানেলের অনুষ্ঠান দেখে
মাতৃভাষার আগে রপ্ত করছে ভিনদেশি ভাষা।
ভিনদেশি চ্যানেলগুলোতে সম্প্রচারিত অনুষ্ঠান এতটাই প্রভাব ফেলেছে যে, এমন বাড়ি খুঁজে পাওয়া মুশকিল যেখানে টিভিসেট অন করলে, কোনো দেশীয় চ্যানেলের দেখা মিলবে। অথচ বিদেশি চ্যানেলগুলোতে প্রচারিত কার্টুনে এমন কিছু চরিত্র থাকে যার সংলাপ ও মুখভঙ্গি শিশুসুলভ নয়। এ ছাড়াও কিছু কিছু টিভি সিরিয়ালে শিশুদের দিয়ে ঝুঁকিপূর্ণ, অশালীন, ঝগড়া-বিবাদপূর্ণ চরিত্রে অভিনয় করানো হয় যা আমাদের শিশুদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এর ফলে শিশুদের সুষ্ঠু মানসিক বিকাশের অন্তরায় ঘটে। এ ছাড়া বহু সিরিয়ালে এমন কিছু চরিত্র, সংলাপ, কাহিনি প্রচার করা হয় যার প্রভাবে সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ভিনদেশি চ্যানেলের বিভিন্ন সিরিয়ালে প্রচারিত বিভিন্ন পোশাক ও অলঙ্কারের অনুকরণে আমাদের বাজার ছেয়ে যায় সে ধরনের পোশাক, অলঙ্কারে। গ্রাম থেকে শহরে এসব ভিনদেশি পোশাক ও অলঙ্কার কেনার ধুম পড়ে। এ সময় নানা অঘটনও ঘটে। একটি নির্দিষ্ট ডিজাইনের পোশাক না পাওয়ায় এক গৃহবধূর আত্মহত্যার সংবাদও আমরা সংবাদমাধমে দেখেছি। এ রকম অসংখ্য ঘটনা প্রতিনিয়ত পত্র-পত্রিকার মাধ্যমে আমাদের সামনে আসছে। তাই আমাদের এখনই সচেতন হওয়ার সময় এসেছে।
আকাশ সংস্কৃতির আগ্রাসন যদি আমরা রোধ করতে না পারি, তাহলে হারাতে হবে আমাদের হাজার বছরের ঐতিহ্য। হারাতে হবে জাতি হিসেবে আমাদের স্বাতন্ত্র্যতা, হারাতে হবে আত্মপরিচয়। এ জন্য আমাদের দেশীয় সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। দেশীয় টিভি চ্যানেলগুলোতে মানসম্মত অনুষ্ঠান প্রচার করতে হবে। এ ছাড়া আমাদের শিশুদের উত্তম শিক্ষায় গড়ে তুলতে হবে। তাহলেই সাংস্কৃতিক আগ্রাসনমুক্ত সমাজ বিনির্মাণ করা সম্ভব হবে।