অনলাইনে বিকিকিনি বর্তমানে খুবই জনপ্রিয়। বিভিন্ন ওয়েবসাইট ছাড়াও অনেক ফেসবুক গ্রুপেও এখন নতুন ও পুরনো পণ্য বিক্রি হয়। করোনা সংক্রমণের কারণে বাজার ও শপিংমল বন্ধ থাকায় অনলাইন বাজারের ওপরই ঝুঁকছেন দেশি ক্রেতারা।
তবে অনলাইনে সাধ ও সাধ্যের মিশেল যেন সবসময় হয় না। আবার অল্প সময়ের জন্য প্রয়োজনীয় জিনিস কিনতে গুনতে হয় বাড়তি কিছু টাকা। তাই এমন শখ বা প্রয়োজন থেকে দূরে থাকতে হয় অনেক সময়। তেমন ক্রেতাদের কথা চিন্তা করে যাত্রা শুরু করেছে ‘ধার নাও’ অ্যাপ।
অ্যান্ড্রয়েড অ্যাপ আর ওয়েবসাইট দুই মাধ্যম থেকেই ক্রেতারা এখানে ধার করতে বা ভাড়া নিতে পারবেন। এই ওয়েবসাইটে কোনো পণ্য বিক্রি হয় না। শুধু ধার নেওয়া যায়।
নতুন এ অ্যাপের মূল উদ্যোক্তা জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসিন আহমেদ জানালেন, আমরা আসলে মধ্যবিত্ত ক্রেতাদের কথা মাথায় রেখেই অ্যাপের উদ্যোগ নিয়েছি। কারও হয়তো ল্যাপটপ নেই। কিন্তু কারও পড়াশোনা বা অ্যাসাইনমেন্ট করতে এক দিনের জন্য ল্যাপটপ লাগবে। সেক্ষেত্রে ধার নেওয়া ছাড়া তো তার উপায় নেই।
কদিনের জন্য পণ্য ধার নিতে আগ্রহীদের জন্যই মূলত এ ধরনের অ্যাপ তৈরির ভাবনা আসে। আপাতত অ্যান্ড্রয়েড বা ওয়েবসাইট থেকেই সরাসরি এ সুবিধা পাবেন ক্রেতারা। অচিরেই আইফোন ব্যবহারকারীরাও অ্যাপের সুবিধা নিতে পারবেন। অল্প সময়ের জন্য পণ্য ধার নিতে আগ্রহীরা www.dharnow.com সাইটে আরও বিস্তারিত তথ্য পাবেন।
/এসএইচ/