একের পর এক বিতর্কে জড়াচ্ছে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে মারধর দিয়ে সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসকে কলেজ থেকে বের করে দেয়ার পর আজ সংবাদ সম্মেলন ডাকে শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা। আর সেখান থেকেই আবারও দু'পক্ষ মুখোমুখি অবস্থান নিলে শুরু হয় মারামারি।
এ ঘটনায় তদন্ত কমিটি গঠন হলেও তা মানে না বলে জানিয়েছে ইডেন ছাত্রলীগের একটি অংশ। কলেজে বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা। এদিকে শনিবার রাত থেকে শুরু হওয়া সংঘর্ষ থেমে থেমে এখনো চলছে ইডেন কলেজ এলাকায়।
সরেজমিনে সেখান থেকে সময়ের আলোর প্রতিবেদক জানান, গতকাল রাতের ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন ডাকেন ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না ও সেক্রেটারি রাজিয়া। কিন্তু সেখানে সংবাদ সম্মেলনের সময় উপস্থিত হন এই কলেজ শাখার সহ-সভাপতি সুস্মিতা বাড়ৈ, জান্নাতুল ফেরদৌসসহ অন্যান্য নেত্রীরা। তখন সংঘর্ষ শুরু হয় উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে।
এ সময় ছাত্রলীগের এই নারীকর্মীদের মধ্যে হাতাহাতি ও মারামারি ঘটনা ঘটে। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে একাধিকবার। এদিকে দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে সাংবাদিকদের ওপর চড়াও হবার তথ্যও মিলেছে। এখন পর্যন্ত ইডেন কলেজ এলাকায় এই সংঘর্ষ ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে।
ছাত্রলীগের কর্মীদের সংঘর্ষের এই ঘটনায় কলেজ থেকে ছাত্রলীগের উভয় পক্ষকে বের করে দেয়া হয়। কিন্তু এরপর সংঘর্ষ থামেনি। এদিকে গতকাল রাত থেকে সংঘর্ষ চললে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন ভূমিকা দেখা যায়নি। বিষয়টি নিয়ে ভয়ে আছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা।