ষ নিজস্ব প্রতিবেদক
দেশে ফেরত এসে করোনার কারণে আটকাপড়া প্রবাসীরা কর্মস্থলে ফেরার দাবি জানিয়েছেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে এ দাবি জানান কুয়েত ও কাতার প্রবাসীরা। সকাল থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে জড়ো হতে থাকেন তারা। পরে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এসে তাদের সঙ্গে কথা বলার পর তারা গেট থেকে সরে যান।

মঙ্গলবার সকাল থেকে কুয়েত ও কাতার ফেরত প্রবাসীরা জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করতে থাকেন। পরে তারা দুপুরের দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গেটে গিয়ে অবস্থান নেন। এ সময় তারা বিক্ষোভ করতে থাকলে শাহবাগ থানার পুলিশ সদস্যরা আসেন এবং তাদের শান্ত করার চেষ্টা করেন। বিক্ষোভকালে প্রবাসীরা জানান, করোনা পরিস্থিতির কারণে প্রায় ১২ হাজার কাতার প্রবাসী দেশে ফেরত এসেছেন। তাদের অধিকাংশই এখনও যেতে পারেননি। তারা দেশে আসার প্রায় এক বছরেরও বেশি সময় পার হয়েছে। কিন্তু বেশির ভাগই বেকার সময় কাটাচ্ছেন। তারা কুয়েত ও কাতারে কর্মরত কোম্পানির মালিকের সঙ্গে যোগাযোগও করেছেন। কিন্তু গত চার মাস থেকে তারা রি-এন্ট্রি পারমিটের জন্য আবেদন করলেও দূতাবাস থেকে কোনো অনুমতি দেওয়া হচ্ছে না। এমনকি তাদের আবেদনও নেওয়া হচ্ছে না। ফলে তাদের চাকরিতে যোগদান নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
কাতার ফেরত চাঁদপুরের মতলবের রনি বলেন, আমাদের প্রতিবেশী দেশ ভারত, শ্রীলঙ্কা ও নেপাল থেকে অনেকে কাতারে যাচ্ছেন এবং তারা কাজে যোগ দিচ্ছেন বলে আমরা খবর পাচ্ছি। কিন্তু কাতার আমাদের যাওয়ার জন্য ভিসা দিচ্ছে না। তারা দু-একজন করে ভিসা দিচ্ছে। এতে তো আমরা যেতেই পাবর না। এজন্য তিনি বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ চান। এ সময় আরেক কাতার প্রবাসী ইলিয়াস জানান, তাদের দাবি একটাই, তারা কাতারে যেতে যান। তবে দেশে আটকে পড়াদের যেভাবে সৌদি পাঠানো হয়েছে, সেভাবেই তাদের কাতার পাঠানো হোক বলে জানান তিনি।