ষ বরিশাল সংবাদদাতা
বরিশাল মেট্রোপলিটন পুলিশকে (বিএমপি) ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। এই সময়ের মধ্যে বিএমপি পুলিশের এসআই রিয়াজুলকে কোতোয়ালি থানা থেকে প্রত্যাহার না করা হলে মানববন্ধন, প্রাইভেট চেম্বার বন্ধ করে দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের জরুরি সভা শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন চিকিৎসক সংগঠন সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মো. মনিরুজ্জামান শাহিন।
তিনি বলেন, জরুরি সভায় সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিকভাবে বিএমপি পুলিশের এসআই রিয়াজুলকে কোতোয়ালি থানা থেকে প্রত্যাহার, বিএমএর জেলা সভাপতির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং আগামীতে যেকোনো চিকিৎসককে এভাবে হয়রানি না করা হয় তার দাবি জানানো হয়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপরোক্ত দাবি পূরণের জন্য আল্টিমেটাম দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না করা হলে বরিশালের চিকিৎসকরা আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।