খাবারের কৌটা কিংবা ব্যবহারের জিনিস প্রতিনিয়ত অনেক কিছু ব্যবহার শেষে আমরা ফেলে দিই। অনেক সময় এতে পরিবেশ নষ্ট হয়। কিন্তু সঠিক ব্যবহারে এসব সৌন্দর্যবর্ধনে কাজে লাগতে পারে। ছেঁড়া জুতা, ডিমের খোসা, ভাঙা কলম রাখার বাক্স, মোজা, ক্রিমের কৌটা, পানির বোতল, পুরনো জিনস, ক্ষয়ে যাওয়া রঙপেন্সিল, কফির গুঁড়ার মতো আরও অনেক জিনিসপত্র আমরা ফেলে দিই। অথচ এ ধরনের জিনিস দিয়েই বানানো যেতে পারে দরকারি নানা জিনিস। তাতে সংসারে যেমন ব্যয় কমে, ফেলে দেওয়া জিনিসপত্রের পরিমাণও হয়ে যায় অনেক কম। ফলে একই সঙ্গে পরিবেশের ভালোর সঙ্গে সঙ্গে ব্যক্তিগত সুবিধাও হতে পারে, আমরা যদি অল্প একটু মাথা খাটাতে পারি।যেসব জিনিস পুনরায় ব্যবহার করা যাবে
ডিমের বা সবজির খোসা সাধারণত ফেলে দেওয়া হয়। কিন্তু গাছের সার হিসেবে এসবের ব্যবহার বেশ স্বীকৃত। এগুলো গাছের জন্য বেশ উপকারী সার। কাঠপেন্সিলের গুঁড়া, ডিমের খোসা, শাকসবজির ওপরের অংশ ফেলে না দিয়ে রেখে দিন বাড়িতে রাখা গাছের টবে।
মেশিনে পড়ে থাকা কফির গুঁড়া ত্বকের জন্য খুব উপকারী। ফেলে না দিয়ে অল্প অলিভ অয়েল বা গায়ে মাখার তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।
ক্ষয়ে যাওয়া রঙপেন্সিল ফেলে না দিয়ে মোম গলিয়ে তার সঙ্গে মিশিয়ে বানিয়ে নিন মোমবাতি। আপনার ঘরের চেহারা সম্পূর্ণ পাল্টে যাবে।
পানির বোতল, ক্রিমের কৌটা, কলম রাখার বাক্স ফেলে না দিয়ে একটু সময় নিয়ে মাপমতো কেটে রঙ করে নিন। দেয়ালে বসিয়ে নিয়ে রেখে দিন কিছু ফুল। কম খরচে তৈরি হবে আপনার ফুলদানি।
পুরনো জিনস ফেলে না দিয়ে একটু কেটে-জুড়ে বানিয়ে নিন পাপোশ কিংবা গায়ের চাদর। শীতকালে পাবেন ঠান্ডার হাত থেকে মুক্তি। পাশাপাশি খরচ বাঁচবে।
ছেঁড়া জুতা কিংবা গাড়ির টায়ারও ফেলে না দিয়ে একটু রঙ করে নিয়ে তাতে মাটি ভরে বসিয়ে নিন ঘরের ভেতর। এতে ছোট ফুলের গাছ লাগান। অন্যরকম সৌন্দর্য আসবে। নারীদের পুরনো ব্যাগেও ফুলের গাছ লাগাতে পারেন।
ভাঙা বাথটব ঘরে থাকলে তা ফেলে না দিয়ে একটু কুশন আর গদি দিয়ে তৈরি করে নিতে পারেন সোফা।
অব্যবহৃত কাচের বোতলে তৈরি হতে পারে ফুলদানি। বোতলের গায়ে গ্লাস পেইন্টিং করে কিছু এঁকে নিলে আরও সুন্দর হয়ে যাবে সেটা, চেষ্টা করে দেখতে পারেন।
প্লাস্টিকের বোতল থেকে বানানো যায় কলমদানি কিংবা সাজের আয়নার তাকে রাখা টুকিটাকি জিনিসগুলো গুছিয়ে রাখার পাত্র বানাতে পারেন। বোতল কাজে লাগতে পারে ঘরে রাখার ছোট গাছের টব হিসেবেও।
পুরনো সিডি ঘরে থাকলে ফেলে না দিয়ে বরং একটা ফটোফ্রেম বানিয়ে ফেলুন। নতুন ফটোফ্রেমে পুরনো সিডির ব্যবহার কিন্তু দারুণ কার্যকরী।
কাগজ দিয়ে বানানো যায় বিভিন্ন ডিজাইনের ফুল। এ ছাড়া শোপিসও বানাতে পারেন। বাসায় চালের চটের বস্তা থাকলেও তা দিয়ে বানাতে পারেন আকর্ষণীয় পাপোশ।