তৈমূরের ‘পাশে আছে’ বিএনপি!

শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ

রাজনীতি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি নির্বাচনে আছে না নেই? এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কেন্দ্রীয়ভাবে বিএনপি সব নির্বাচন বর্জন করেছে।

2021-12-30T14:08:38+00:00
2021-12-30T14:08:38+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজনীতি
তৈমূরের ‘পাশে আছে’ বিএনপি!
শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ২:০৮ পিএম 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি নির্বাচনে আছে না নেই? এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কেন্দ্রীয়ভাবে বিএনপি সব নির্বাচন বর্জন করেছে। এখনও তারা সে অবস্থান থেকে সরে এসেছে বলে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। কিন্তু নারায়ণগঞ্জে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেয়র পদে নির্বাচন করছেন। তার সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও রয়েছেন। 

এমনকি বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তৈমূর আলম খন্দকারকে ফোন করে জানিয়েছেন, বিএনপি তার পাশে আছে। আওয়ামী লীগের নেতারা বলছেন, এত কিছুর পরও বিএনপি নির্বাচনে নেই কীভাবে? 
বিএনপি সূত্র জানায়, বুধবার সকাল পৌনে ১০টায় মজলুম মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে ওই মিলাদ ও দোয়া মাহফিল চলাকালে সিটি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের মোবাইল ফোনে ফোন করেন 
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় মহাসচিবের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার বিষয়ে তৈমূর আলম খন্দকার বলেন, ‘ওলামা দলের দোয়া চলাকালীন মহাসচিব আমাকে ফোন করে নির্বাচনের বিষয়ে খোঁজখবর নেন। নির্বাচনের মাঠে আপনার কী কী সমস্যা আছে, আমাদের জানান। বিএনপি আপনার পাশে আছে। এ সময় মহাসচিব দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, তৈমূর সাহেব জনগণের দাবির মুখে, বিশেষ পরিবেশ-পরিস্থিতিতে প্রার্থী হয়েছেন। তিনি এখন জনতার প্রার্থী হয়েছেন। তিনি বিজয়ী হলে জনতার বিজয় হবে। তিনি ব্যর্থ হলে কিন্তু সরকার বলবে বিএনপির একজন নেতা স্বতন্ত্র নির্বাচন করে পরাজয় বরণ করেছেন। এমন পরিস্থিতিতে আপনারা বিবেক বিবেচনা করে যা ভালো মনে হয় করবেন। আপনাদের যার যার অবস্থান থেকে আপনারা আপনাদের কর্তব্য ঠিক করে নেবেন।’ 

টেলিফোনের তথ্য নিশ্চিত করে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, মহাসচিব যখন ফোন দেন তখন আমরা ওলামা দলের একটি বৈঠকে ছিলাম। আমি তখন তৈমূর আলম খন্দকারের কাছে ফোন দিলে তিনি জানান, তার সঙ্গে মহাসচিবের কথা হয়েছে। তিনি আমার খোঁজখবর নিয়েছেন। এটিএম কামাল আরও জানান, মহাসচিব বলেছেন, নারায়ণগঞ্জে নির্বাচনে কাজ করতে দলীয় কোনো বিধিনিষেধ নেই। আপনারা যদি ইচ্ছা করেন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেন। এতে দল বাধা দেবে না। যেহেতু আমরা মানুষের মৌলিক অধিকারে বিশ্বাস করি তাই স্থানীয় মানুষের চাহিদা ও তাদের পছন্দে আমাদের কোনো বিধিনিষেধ নেই।’ 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র কিনেছিলেন বিএনপির চার নেতা। শেষ পর্যন্ত নির্বাচনে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকার। তিনি হাতি প্রতীক পেয়েছেন। বিএনপি নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তের কারণে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নেন। দলীয় প্রতীক ধানের শীষ পাননি। গত ২৫ ডিসেম্বর তৈমূর আলম খন্দকারকে জেলা বিএনপির আহ্বায়কের পদ থেকে সরিয়ে ভারপ্রাপ্ত আহ্বায়ক করে কেন্দ্রীয় বিএনপি। 
তখন ধারণা করা হচ্ছিল যে, তৈমূর আলম খন্দকার প্রার্থী হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু পরে দেখা গেল উল্টো চিত্র। ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি তৈমুর আলম খন্দকারকে জেতাতে তাদের সামর্থ্য অনুযায়ী সব চেষ্টা করার ঘোষণা দেন। 

এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, কোনো দল নির্বাচন বর্জন করার অর্থ তারা আন্দোলনে আছে বা যাবে। দেশের অন্য জায়গায় বিএনপির সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করায় আমরা বিএনপিকে ব্যবস্থা নিতে দেখেছি। কিন্তু নারায়ণগঞ্জে আমরা উল্টো দেখলাম বিএনপি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানো তাদের দলীয় নেতাকে সমর্থন দিল। তাহলে ধরে নিতে হয় বিএনপি আন্দোলন থেকে পিছিয়ে গেছে। সুযোগ বুঝে তারা নীতি পরিবর্তন করেছে। মানুষ সুযোগসন্ধানী কোনো দল বা গ্রুপকে পছন্দ করে না। নীতির প্রশ্নে আপসহীন থাকতে হয়। দ্বৈতনীতির দল আস্থাহীনতার কারণে এগোতে পারে না এমনকি ভেঙে পড়ারও আশঙ্কা থাকে। 

জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ জাহাঙ্গীর আলম এ প্রসঙ্গে বলেন, বিএনপি বিদেশি প্রভুদের দেখানোর জন্য নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। তারা সব সময় মিথ্যাবাদী ও ষড়যন্ত্রকারী। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়েও তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা বিএনপি থেকে নির্বাচন না করে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছে, যাতে তারা কাউকে বলতে পারে আমরা নির্বাচন করিনি। আইভী প্রচারণায় নামার পর থেকে মানুষের ঢল নেমেছে তার পেছনে। আইভীর জনপ্রিয়তার কাছে নিশ্চিতভাবে বিএনপির তৈমূর হেরে যাবেন। 



Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: