নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘ আমার কোনো সন্ত্রাসী বাহিনী নেই, আমি জনগণের কাজ করি, সন্ত্রাস করিনা। প্রতিশ্রুতির কদমরসুল সেতুর টেন্ডার হয়েছে, ইনশাল্লাহ আমরা ভিত্তিপ্রস্তর করবো৷ সব এলাকারই প্রাথমিক চাহিদার কাজ করে দিয়েছি৷ নতুন নতুন যে দাবি আসছে সেগুলোও পূরণের চেষ্টা করবো৷ আগেও জনগণের চাহিদা অনুযায়ী কাজ করেছি, আগামীতেও করবো৷’
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে নগরীর ৯ নাম্বার ওয়ার্ডের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় গণসংযোগ পরিচালনার সময় সাংবাদিকদের সামনে এ কথা বলেন৷
তিনি আরও বলেন, ‘জনগণ তো আমার পুরোনো৷ আমি বিগত সতের ধরে কাজ করেছি৷ এই এলাকায় প্রচুর কাজ করেছি, আপনারাও দেখেছেন৷ মানুষের কোনোদিন কোনো ক্ষতি করি নাই৷ জনকল্যানে, মানুষের কল্যানে কাজ করেছি৷ ঈমানের সাথে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন চালানোর চেষ্টা করেছি৷ মানুষের সেবা করেছি৷ আমি চাই আগামী ৫ বছর আমাকে কাজ করার জন্য আবারও সুযোগ দিবেন৷ যেন আমি তাদের খেদমত করতে পারি৷’
আইভী বলেন, ‘মানুষের চাহিদা মোতাবেক প্রতিনিয়ত পরিকল্পনা হচ্ছে৷ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাধ্যের মধ্যে মানুষের চাহিদা অনুযায়ী কাজ করেছি৷ সরকার টাকা দিয়েছে, সেই টাকায় প্রচুর কাজ করেছি৷ বিভিন্ন দাতা সংস্থাও সহযোগিতা করেছে৷ আমি চাই এই ধারা অব্যাহত থাকুক৷’
নৌকা প্রতীকের এই মেয়র প্রার্থী বলেন, ‘এই এলাকার (জালকুড়ি পশ্চিমপাড়া) মানুষের চাহিদা হচ্ছে মাঠ ও স্কুল৷ তবে এখানে কোনো জায়গা নেই৷ আল্লাহ আমাকে কামিয়াব করলে আমি জায়গা অধিগ্রহণ করে এগুলো করে দেবো৷’
সকাল দশটায় জালকুড়ি পশ্চিমপাড়া এলাকা থেকে দ্বিতীয় দিনের মতো প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী৷ তিনি হেঁটে হেঁটে এলাকাবাসীর সাথে কথা বলেন৷ ভোট প্রার্থনা করেন৷ তার পক্ষে লিফলেট বিতরণ করেন কর্মী-সমর্থকরা৷
পশ্চিমপাড়া ছাড়াও জালকুড়ির মাঝপাড়া, পূর্ব জালকুড়ি, উত্তরপাড়া পুল এলাকাসহ বিভিন্ন পাড়া-মহল্লা ঘোরেন আইভী৷ পথিমধ্যে জালকুড়িতে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কার্যালয়ে ফুল দিয়ে তাকে সংবর্ধনা জানায় স্থানীয় মুক্তিযোদ্ধারা৷ পূর্বের মতো এবারও আইভীর পক্ষে আছেন বলে জানান তারা৷
বেলা পৌনে ১২টার দিকে জালকুড়ি এলাকার আওয়ামী লীগের কর্মী শাহ্ আলম প্রধানের বাড়িতে যান৷ সদ্য প্রয়াত শাহ্ আলম প্রধানের পরিবারের লোকজনের সাথে কথা বলেন আইভী৷ সকলকে সমবেদনা জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী শাহ্ আলমের পরিবারের পাশে সবসময় থাকবেন৷
/এসএ