তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কৃষি খাতে বাংলাদেশের অর্জন বিশ্বকে অবাক করে দিয়েছে। আমাদের খাদ্য উৎপাদন গত ৫০ বছরে চারগুণ বৃদ্ধি পেয়েছে। যা শুধু বিশ্বকেই নয় বিশ্ব খাদ্য সংস্থাকেও বিস্মিত করেছে।
বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি আয়োজিত ‘বিজয়ের ৫০ বছর : কৃষি খাতে অর্জন’ আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশকে আজ পৃথিবীর সামনে কেসস্টাডি হিসেবে উপস্থাপন করা হয়। ঝড়, বন্যা ও জলোচ্ছ্বাসের যে দেশে মাথাপিছু কৃষি জমির পরিমাণ পৃথিবীতে সর্বনিম্ন, মানুষের ঘনত্ব সর্বোচ্চ, জলবায়ু পরিবর্তনের প্রভাব যার নিত্যসঙ্গী, প্রতিবছর বন্যায় যে দেশের প্রায় অর্ধেক স্থলভূমি পানিতে তলিয়ে যায়, সেই দেশ এসব কিছু মোকাবিলা করে কীভাবে কৃষিতে বিস্ময়কর উৎপাদন বৃদ্ধিতে সক্ষম হয়েছে সেটি সত্যিই পৃথিবীর সামনে উদাহরণ।
মন্ত্রী বলেন, আমাদের কৃষিবিদরাই ফসলের উচ্চ ফলনশীল ও উপকূলে আবাদযোগ্য লবণাক্ততাসহিষ্ণু জাত উদ্ভাবন করেছেন। এগুলো আমাদের জন্য সম্পদ। পৃথিবীর জন্যও সম্পদ। বাংলাদেশ আয়তনের দিক দিয়ে পৃথিবীতে ৯২তম দেশ অথচ ধান উৎপাদনে চতুর্থ, মিঠাপানির মাছ উৎপাদনে সপ্তম, আলু উৎপাদনে সপ্তম। নেপালে যখন ভূমিকম্প হলো আমরা ৩০ হাজার মেট্রিক টন চাল দিয়েছি। এটি কোনো জাদুর কারণে নয়। এটি শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে।
হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে কৃষিজমির পরিমাণ গত ৫০ বছরে ২৫ থেকে ৩০ শতাংশ কমেছে অপরিকল্পিত ঘরবাড়ি-কলকারখানার কারণে। এখন ৩০ শতাংশ মানুষ নগরবাসী, ১৫ বছর পর তা প্রায় ৫০ শতাংশ হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে জমির উৎপাদন ক্ষমতাও হ্রাস পেয়েছে। দেশে প্রতিবছর এক শতাংশ হারে কৃষিজমি কমে যাচ্ছে। ২০ বছর পর আমাদের সব উদ্ভাবন কাজে লাগিয়েও আজকের মতো উৎপাদন যে সম্ভবপর হবে না, তা সবার ভাবা প্রয়োজন।
তিনি বলেন, ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় নগর কৃষিকে মূলধারার কৃষির সঙ্গে যুক্ত করে কৃষি উৎপাদনে প্রবৃদ্ধি বজায় রাখতে সমন্বিত পরিকল্পনা প্রয়োজন এবং এ বিষয়ে কৃষিবিদ পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম সাহেবের পরামর্শ আমাদের এগিয়ে নেবে।
কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জদুল হাসানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম, তথ্য সচিব মো. মকবুল হোসেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামানসহ আরও অনেকে।
/এমএইচ/