অপ্রতুল অনুবাদগ্রন্থ

ঢাবি প্রতিনিধি

একুশে বইমেলা

শনিবার ছিল বইমেলার ২৬তম দিন। এবারের বইমেলায় গতকাল পর্যন্ত মোট নতুন বই এসেছে ২৮৫৯টি। পাঠক চাহিদা থাকলেও এ বছর অমর

2022-03-13T04:13:15+00:00
2022-03-13T04:13:15+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
একুশে বইমেলা
অপ্রতুল অনুবাদগ্রন্থ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ মার্চ, ২০২২, ৪:১৩ এএম   (ভিজিট : ৫১২)
শনিবার ছিল বইমেলার ২৬তম দিন। এবারের বইমেলায় গতকাল পর্যন্ত মোট নতুন বই এসেছে ২৮৫৯টি। পাঠক চাহিদা থাকলেও এ বছর অমর একুশে গ্রন্থমেলায় অপ্রতুল অনুবাদগ্রন্থ। এখন পর্যন্ত মেলায় অনুবাদগ্রন্থ এসেছে ৩১টি। এ ছাড়া যেগুলো আছে সেগুলোর মান নিয়েও রয়েছে নানা প্রশ্ন। মেলায় গল্প, উপন্যাস ও কবিতার হাজারো মৌলিক বই থাকলেও খুব বেশি নেই অনুবাদগ্রন্থ। বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের তথ্য মতে, গত শনিবার পর্যন্ত মোট অনুবাদগ্রন্থ এসেছে মাত্র ৩১টি।

এ ছাড়া গতকাল অমর একুশে গ্রন্থমেলার ২৬তম দিনে মেলা চলে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেলায় ছিল শিশুপ্রহর। গতকাল নতুন বই এসেছে ৮০টি। বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘একুশের গল্প ও উপন্যাস’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন রফিকুর রশীদ। আলোচনায় অংশগ্রহণ করেন নাসের রহমান, পাপড়ি রহমান এবং স্বকৃত নোমান। সভাপতিত্ব করেন ইমদাদুল হক মিলন।

প্রাবন্ধিক বলেন, সাংস্কৃতিক আন্দোলন কীভাবে রাজনৈতিক আন্দোলনে পরিণত হতে পারে, তার এক মহান দৃষ্টান্ত বাঙালির ভাষা আন্দোলন। ছাত্র, শিক্ষক ও বুদ্ধিজীবীদের মাধ্যমে শুরু হলেও ভাষা আন্দোলন একসময় বাংলার আপামর জনসাধারণের আত্মপরিচয় প্রতিষ্ঠার আন্দোলনে পরিণত হয়। একুশের ভাষা আন্দোলনের পরপরই এর চেতনা ও আবেগমথিত গল্প সঙ্কলন প্রকাশিত হতে থাকে। বাংলা সাহিত্যে ‘একুশের সাহিত্য’ নামে নতুন একটি ধারা সৃষ্টি হয়। প্রতিবছরই মহান একুশের প্রেক্ষাপট ও চেতনাকে উপজীব্য করে লেখা হচ্ছে নতুন নতুন গল্প ও সাহিত্য। এমনকি বায়ান্ন-পরবর্তীকালে জন্মগ্রহণ করেছেন এমন কথাসাহিত্যিকদের গল্প-উপন্যাসেও বিশিষ্ট স্থান অধিকার করে রয়েছে মহান একুশ। আমাদের কথাসাহিত্যিকরা ৫২’র ভাষা আন্দোলনের রক্তাক্ত অধ্যায়কে যেমন তুলে এনেছেন, তেমনি একুশ-পরবর্তী সময়ে একুশের প্রভাবকে তাদের গল্প ও উপন্যাসে উপস্থাপন করেছেন। 

আলোচকরা বলেন, ভাষা আন্দোলনের পর বাঙালির মনে ভাষার চেতনা দৃঢ় রূপ লাভ করে, যা ভাষাভিত্তিক জাতীয়তাবাদী চেতনাকে উদ্বুদ্ধ করে এবং এর প্রভাবে বাংলা সাহিত্যে নতুন একটি মাত্রা যুক্ত হয়। অমর একুশ বিষয়ে রচিত গল্প ও উপন্যাসে সংঘবদ্ধ বাঙালির প্রতিবাদী চেতনা স্থান পেয়েছে। একুশের চেতনায় উদ্বুদ্ধ সমকালীন ও ভবিষ্যতের কথাসাহিত্যিকদের হাতে ভাষা আন্দোলন বিষয়ক মহান সাহিত্য রচিত হবে- এ আশা আমরা করতেই পারি।
 
সভাপতির বক্তব্যে ইমদাদুল হক মিলন বলেন, মহান একুশের ভাষা আন্দোলন বাঙালির চেতনাকে নাড়া দিয়েছিল, রঙিন করে তুলেছিল। আর সেই চেতনা থেকে উপাদান নিয়েই লিখিত হয়েছে ভাষা আন্দোলন বিষয়ক গল্প ও উপন্যাস। একুশের চেতনাবাহী তাদের সাহিত্যকর্মকে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে।



Loading...
Loading...
একুশে বইমেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: