বইমেলায় শেষ সময়ে বেড়েছে বেচাকেনা

ঢাবি প্রতিনিধি

একুশে বইমেলা

শেষ সময়ে এসে জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা। দলবেঁধে এসে প্রিয় বই কিনছেন ক্রেতারা, উপহার দিচ্ছেন প্রিয় মানুষদের। মঙ্গলবার মেলায়

2022-03-16T02:26:31+00:00
2022-03-16T02:43:35+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
একুশে বইমেলা
বইমেলায় শেষ সময়ে বেড়েছে বেচাকেনা
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ মার্চ, ২০২২, ২:২৬ এএম  আপডেট: ১৬.০৩.২০২২ ২:৪৩ এএম  (ভিজিট : ৫৪৪)
শেষ সময়ে এসে জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা। দলবেঁধে এসে প্রিয় বই কিনছেন ক্রেতারা, উপহার দিচ্ছেন প্রিয় মানুষদের। মঙ্গলবার মেলায় ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ছুটির দিন ছাড়া অন্যদিনগুলোতে মেলায় ক্রেতা- দর্শনার্থীদের যেমন ভিড় থাকে গতকাল ছিল তার চেয়ে অনেক বেশি।

একাধিক ক্রেতা-দর্শনার্থী জানান, মাত্র এক দিন পরেই মেলা শেষ হয়ে যাবে। তাই পছন্দের বই কিনতে শেষ সময়ে মেলায় এসেছেন তারা। সরেজমিন ঘুরে দেখা গেছে, পছন্দের বই কিনতে মেলার স্টল-প্যাভিলিয়নগুলোতে ভিড় করছেন ক্রেতারা।

তাম্রলিপি প্রকাশনীর বিক্রয়কর্মী নোমান মাহমুদ বলেন, ছুটির দিনের বাইরে মেলায় খুব একটা দর্শনার্থী আসতে দেখা যায় না। তবে আজ তার ব্যতিক্রম। আজ মেলায় ক্রেতা-দর্শনার্থী ভালো। বিক্রিও ভালো হচ্ছে। মঙ্গলবার অমর একুশে বইমেলার ২৯তম দিনে নতুন বই এসেছে ১২১টি।

এদিকে বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘ভাষাসংগ্রামী অজিত কুমার গুহ : জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন হাসান ইমাম মজুমদার। আলোচনায় অংশ নেন জাফর ওয়াজেদ, মোহাম্মদ জয়নুদ্দীন এবং রাজীব সরকার। সভাপতিত্ব করেন বেগম আকতার কামাল।

প্রাবন্ধিক বলেন, পূর্ববাংলার সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসে অবিস্মরণীয় নাম অজিত কুমার গুহ। শিক্ষা ও সংস্কৃতির বিকাশে, মানবতার মূল্যবোধ ও সত্যকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমৃত্যু লড়াই করে ইতিহাসে নিজের আসন সুপ্রতিষ্ঠিত করেছেন তিনি। প্রগতিশীল চিন্তার বাহক, মুক্তমনের অধিকারী, আপসহীন, দৃঢ়চেতা, আদর্শবাদী, বুদ্ধিজীবী, বাগ্মী, শিক্ষাবিদ প্রভৃতি যে বিশেষণেই বিশেষিত করা হোক না কেন, তার অন্যতম প্রধান পরিচয় ভাষাসংগ্রামী অজিত কুমার গুহ। যেকোনো রাষ্ট্রিক-সামাজিক বিপর্যয়ে ভাষা-আন্দোলনের সক্রিয় কর্মী অধ্যাপক অজিত কুমার গুহর সাহসী অবস্থান লক্ষণীয়।

আলোচকরা বলেন, খুব তরুণ বয়স থেকেই অজিত কুমার গুহর মধ্যে স্বাধীনচেতা, অসাম্প্রদায়িক আদর্শ গড়ে উঠেছিল। নিজের মূল্যবোধ ও আদর্শ থেকে তিনি কখনও বিচ্যুত হননি। তিনি এমন একটি প্রজন্ম তৈরি করতে চেয়েছিলেন যারা দেশ, দেশের মানুষ এবং শিল্প-সাহিত্য-সংস্কৃতিকে ভালোবাসবে। নতুন প্রজন্মের সামনে অধ্যাপক অজিত কুমার গুহর আলোকিত জীবন ও মূল্যবান রচনা তুলে ধরতে পারলে জাতি উপকৃত হবে।

সভাপতির বক্তব্যে বেগম আকতার কামাল বলেন, ছাত্রদের মধ্যে আদর্শ একটি জীবনচেতনা গড়ে তোলাই ছিল অজিত কুমার গুহর শিক্ষক জীবনের লক্ষ্য। অসাম্প্রদায়িক চেতনার এই বিরল মানুষ বহু অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন। মানবতাবাদী, দেশপ্রেমী ও উদার মানসিকতার অধিকারী অজিত কুমার গুহ যে আদর্শ আমাদের সামনে রেখে গেছেন তা অনুসরণ করেই আগামীর পথে অগ্রসর হতে হবে।

/জেডও/

  বিষয়:   বইমেলা 


Loading...
Loading...
একুশে বইমেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: