বর্ষায় ঘুরে আসুন সীতাকুণ্ড-মিরসরাইয়ের ১০ ট্রেইলে

জাকির উসমান

জীবন যখন যেমন

বর্ষা আসন্ন। ঝরনাপ্রেমীরা সারা বছর অপেক্ষা করেন বর্ষার আগমনের জন্য। এ সময়টা ট্রেকারদের পদচারণায় মুখর থাকে ঝরনা-ঝিরি। বর্ষা এলে পানিতে

2022-05-30T12:03:38+00:00
2022-05-30T12:17:00+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
জীবন যখন যেমন
বর্ষায় ঘুরে আসুন সীতাকুণ্ড-মিরসরাইয়ের ১০ ট্রেইলে
জাকির উসমান
প্রকাশ: সোমবার, ৩০ মে, ২০২২, ১২:০৩ পিএম  আপডেট: ৩০.০৫.২০২২ ১২:১৭ পিএম
বর্ষা আসন্ন। ঝরনাপ্রেমীরা সারা বছর অপেক্ষা করেন বর্ষার আগমনের জন্য। এ সময়টা ট্রেকারদের পদচারণায় মুখর থাকে ঝরনা-ঝিরি। বর্ষা এলে পানিতে টইটম্বুর হয়ে উঠে প্রতিটি ঝরনা। ঢাকা থেকে ৪-৫ ঘণ্টার দূরত্বে সীতাকুণ্ড-মিরসরাই। এ অঞ্চলকে বলা হয় ঝরনার স্বর্গরাজ্য। এ অঞ্চলে রয়েছে জানা-অজানা অসংখ্য ঝরনা। গেল কয়েক বছর ধরে ট্রেকারদের কাছে জনপ্রিয়তা পাওয়া এ রকম ১০টি স্পটের হদিস থাকল এবারের লেখায়।

খৈয়াছড়া ট্রেইল
সীতাকুণ্ড-মিরসরাই অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় ট্রেইল এটি। এখানে আছে ৮ স্তরবিশিষ্ট ঝরনা। হেঁটে পুরোটা উঠে আরও ওপরে গেলে পাওয়া যাবে ‘ডাবল ফলস’। একেবারে শেষ প্রান্তে গেলে ‘আমতলী খুম’, সেখান থেকে হাতের ডানপাশে বা দক্ষিণ দিকে এগোলে চোখে পড়বে একটি চিকন ঝিরি। সেই পথে একটু এগুলে পাওয়া যাবে ৩ স্তরবিশিষ্ট ‘শিমুলতলী ঝরনা’। যেভাবে যাবেন : ঢাকা থেকে মিরসরাইয়ের আগে বড় তাকিয়া বাজারে নামতে হবে।

সোনাইছড়ি ট্রেইল
তুলনামূলক অপরিচিত ও দুর্গম। বিশাল সব পাথর আর গিরিখাদের সমন্বয়ে এই ট্রেইল। এখানে বাদুইজ্যা কুম নামে গহিন এক জায়গা। বাদুড়ের বাস বলে ওই খাদের এই নাম। দেখতে খুবই বুনো ও অনন্য এক খুম। যেভাবে যাবেন : ঢাকা থেকে মিরসরাইয়ের পরে নামবেন হাদী ফকিরহাট বাজার।


নাপিত্তাছড়া ট্রেইল
অন্যতম সুন্দর ট্রেইল নাপিত্তাছড়া। এখানে আছে নাপিত্তাছড়া, বাঘবিয়ানী ও বান্দরকুম ঝরনা। আছে কুপিকাটাকুম নামে দারুণ একটি খুম। ট্রেইলে যেভাবে যাবেন : ঢাকা থেকে মিরসরাইয়ের নয়দুয়ারীবাজারে নামতে হবে।

বাড়বকুণ্ড ট্রেইল
এই ট্রেইলে দেখা যাবে বাংলাদেশের একমাত্র গরম পানির ঝরনা, এটাকে বাড়বকুণ্ড ঝরনা বলা হয়। এ ছাড়া এখানে আছে কালভৈরবী মন্দির ও অগ্নিকুণ্ড। সুন্দর ঝিরিপথ, বেশ কয়েকটি ছোট ক্যাসকেড ও খুমের সমন্বয়ে এই ট্রেইল। যেভাবে যাবেন : ঢাকা থেকে বাসে সীতাকুণ্ডের পরই নামতে হবে বাড়বকুণ্ড বাজারে।


ঝরঝরি ট্রেইল
দারুণ সুন্দর এক ট্রেইল। অনেকগুলো ঝরনা, ক্যাসকেড আর ঝিরিপথের সমন্বয় এই ট্রেইল। শুরুতেই আছে ঝরঝরি ঝরনা। মাঝখানে দারুণ কয়েকটি ক্যাসকেড আর শেষে আছে অপূর্ব মূর্তি ঝরনা। যেভাবে যাবেন : ঢাকা থেকে যেতে নামতে হবে সীতাকুণ্ডের পন্থিছিলা বাজারে।

বোয়ালিয়া ট্রেইল
চমৎকার একটি ট্রেইল। এখানে আছে অনেকগুলো ঝরনা। এগুলোর মধ্যে বোয়ালিয়া, বাউশ্যা ছড়া ও অমরমানিক অন্যতম। এ ছাড়া আছে ন হাইত্যে কুম, উঠান ঢাল, পালাকাটা খুম, তিন নং ছড়া, কলাতলী ঝরনা, লতকাও বা কেম্বাতলী ঝরনা ও লতা বায়ানী। যেভাবে যাবেন : ঢাকা থেকে বাসে মিরসরাই বাজার। এরপর কলেজ রোড থেকে ব্র্যাক পোল্ট্রি ফিড। 


হরিণমারা হাঁটুভাঙা ট্রেইল 
এখানে রয়েছে হরিণমারা, হাঁটুভাঙা এবং সর্পপ্রপাত নামে তিনটি দারুণ ঝরনা। এ ছাড়া আছে বাওয়াছড়ার মুখ। এখানে গেলে নীলাম্বর লেক আপনার চোখ জুড়িয়ে দেবে। যেভাবে যাবেন : ঢাকা থেকে বাসে ছোট কমলদহ বাজার নামতে হবে।

কমলদহ ট্রেইল
এই ট্রেইলে অনেকগুলো ঝরনা। এর মধ্যে বড় কমলদহ, ছাগলকান্দা ও রূপসী ঝরনা অন্যতম। যেভাবে যাবেন : ঢাকা থেকে সীতাকুণ্ডের বড় দারোগারহাট নামতে হবে।

সুপ্তধারা সহস্রধারা ট্রেইল 
সহজ ট্রেইল। এখানে আছে সুপ্তধারা এবং সহস্রধারা ঝরনাসহ কয়েকটি কুম ও ক্যাসকেড। যেভাবে যাবেন : ঢাকা থেকে সীতাকুণ্ড ইকোপার্কের রাস্তার মাথায় নামতে হবে।

সহস্রধারা মূল ট্রেইল
এটিও সহজ ট্রেকিংয়ের ঝিরিপথ। এখানে আছে প্রাচীন মন্দির, সহস্রধারা মূল ঝরনা, সহস্রধারা লেক এবং বুদবুদকুণ্ড। যেভাবে যাবেন : ঢাকা থেকে ছোট দারোগাহাট নামতে হবে।


খুম বাংলাদেশের পাহাড়ি জনগোষ্ঠীর শব্দ, এর অর্থ জলাধার। আর ট্রেইল হলো হাঁটার পথ। সাধারণভাবে পাহাড়ি পথে ট্রেকিং করার ঝিরিপথ ট্রেইল বলে পরিচিত। এই দশটি ট্রেইল ছাড়াও সীতাকুণ্ড-মিরসরাই অঞ্চলে শুকুনছড়া ট্রেইল, পাতালকালী বা পাতালপুরী ট্রেইল, বারৈয়াঢালাসহ আরও নাম না জানা অসংখ্য ঝরনা-ঝিরি রয়েছে।

বর্ষায় পাহাড়ে গেলে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে যাবেন। ভারী বৃষ্টি হলে ঝিরিপথে ফ্ল্যাশ ফ্লাড বা হড়কা বানের ঝুঁকি থাকে, তাই সতর্ক থাকতে হবে। পাহাড়ে ঘুরতে গিয়ে বনে-জঙ্গলে, ঝরনা-ঝিরিতে কোথাও পলিথিন বা এই জাতীয় অপচনশীল দ্রব্য ফেলা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। এ ধরনের বর্জ্য পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।

/জেডও


  বিষয়:   সীতাকুণ্ড  মিরসরাই  ঝরনা 


Loading...
Loading...
জীবন যখন যেমন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: