সততা ও দক্ষতা নিয়ে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য দিকনির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। জেলা ও দায়রা জজদের প্রতি দেয়া অভিভাষণে এই নির্দেশনা দেন তিনি।
সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এই অভিভাষণ দেন প্রধান বিচারপতি। সারাদেশে কর্মরত জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে এই অভিভাষণ দেন তিনি। অভিভাষণ অনুষ্ঠানে সর্বোচ্চ আদালত আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী অভিভাষণে দ্রুত মামলা নিষ্পত্তির বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন। তাছাড়া সততা ও দক্ষতা নিয়ে ন্যায়বিচার করার মানসে মনোনিবেশ করার জন্য দেশের সব বিচারককে দিকনির্দেশনা দেন তিনি।
তাছাড়া প্রধান বিচারপতি বিচার প্রার্থীদের আদালত প্রাঙ্গণ থেকে দ্রুত বাড়ি ফেরানোর জন্য সবাইকে যথাযথভাবে বিচারকাজ পরিচালনার নির্দেশনা দেন। অনুষ্ঠানে উপস্থিত বিচারকদের মধ্য থেকে ১২ জন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।