বস্ত্র ও পাট মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে মিশর। এবিষয়ে দুই দেশের মধ্যে দ্রুত একটি যৌথ প্রটোকল স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে মন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহিম এলদিন আহমেদ ফাহমি সৌজন্য সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানান। বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রউফ ও দূতাবাসের দ্বিতীয় সচিব মিনা মাকারি উপস্থিত ছিলেন।
পাট মন্ত্রী বলেন, মিশরের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মত সরকার গঠন করায় অভিন্দন এবং বর্তমান সরকারকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন। গতবছর মিশর ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করা হয়েছে। এ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকবে বলে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন।
তিনি মিশরের রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশ আন্তরিকভাবে বিশ্বাস করে মিশর বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ। বন্ধুপ্রতীম দু'দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো জোরাদার হবে। বিশ্বে বাংলাদেশ ২য় সর্বোচ্চ পাট উৎপাদনকারী দেশ। বাংলাদেশের উদ্যোক্তাগণ পাট দিয়ে ২৮২ ধরণের বহুমুখী পাটজাত পণ্য উৎপাদন করছে যা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানী হয়। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও মিশর পাট ও বস্ত্রখাত একসঙ্গে এগিয়ে যাবে। দুই দেশের বাণিজ্য ঘাটতি পূরণ ও ব্যবসা-বাণিজ্যে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি জানান, মিশর আন্তরিকভাবে বিশ্বাস করে বাংলাদেশ তাদের বন্ধুপ্রতীম দেশ। মিশর ও বাংলাদেশের রয়েছে ঐতিহাসিক সম্পর্ক। সেজন্য মিশর বাংলাদেশের পাট-বস্ত্র, তুলাসহ বিভিন্ন কৃষিপণ্য ছাড়াও সাংস্কৃতিক শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও উন্নয়ন ঘটাতে আগ্রহী।
সময়ের আলো/এম