নিজস্ব প্রতিবেদক
অনলাইন রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করার অংশ হিসেবে যেসব করদাতা জাতীয় পরিচয়পত্র থাকার পরও আঙুলের ছাপ না থাকার কারণে বায়োমেট্রিক মোবাইল সিম নিতে পারেননি এবং সে কারণে ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে পারছেন না তাদের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের করদাতারা দ্বিতীয় সচিব (কর তথ্য ব্যবস্থাপনা ও মূল্যায়ন), জাতীয় রাজস্ব বোর্ড এর ৭১৭ নং কক্ষে সশরীরে উপস্থিত হয়ে লিখিত আবেদন দাখিলপূর্বক সাপ্তাহিক অফিস চলাকালীন ই-রিটার্ন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। তবে ইতিমধ্যে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলকারী প্রায় ১০ লাখ করদাতাসহ সব করদাতাকে জাতীয় রাজস্ব বোর্ড আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছে। একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড আগামী ৩১ জানুয়ারির মধ্যে সব করদাতাকে সহজে ও নির্বিঘ্নে অনলাইনে রিটার্ন দাখিল করতে আহ্বান জানিয়েছে।
সময়ের আলো/আরএস/