বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে তৈরি পোশাক শিল্পের প্রতিযোগী সক্ষমতা বজায় রাখতে নীতি সহায়তা অব্যাহত রাখার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।
রোববার (৪ ফেব্রুয়ারি) বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে এ আহবান জানান।
প্রতিনিধিদলে ছিলেন বিজিএমইএ এর সাবেক সভাপতি, সম্মিলিত পরিষদের প্রধান সমন্বয়কারী এবং আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, বিজিএমই এর সিনিয়র সহ-সভাপতি এস এম মান্নান (কচি), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম এবং এফবিসিসিআই এর সহ-সভাপতি মোঃ মুনির হোসেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়রুজ্জামান মজুমদার এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
সাক্ষাতকালে প্রতিনিধিদল অর্থ মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে অভিনন্দন জানান।
বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আলোচনা করা হয়। বৈঠকে এলডিসি গ্র্যাজুয়েশনসহ তৈরি পোশাক শিল্পের উপর বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের বাণিজ্যে এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবসহ পোশাক শিল্পকে প্রভাবিত করে এমন বড় চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। তিনি বলেন যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইইউ দেশগুলিতে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। এই মূল্যস্ফীতি বৃদ্ধির ফলে বাংলাদেশের প্রধান বাজারগুলোতে, যুক্তরাষ্ট্র এবং ইইউ’তে পোশাক রপ্তানি কমেছে।
তিনি আরও বলেন, পোশাক রফতানি কমে যাওয়া মানে বাংলাদেশের বৈদেশিক রিজার্ভের ওপর নেতিবাচক প্রভাব পড়া, কারণ দেশের মোট রপ্তানি আয়ের ৮৪ শতাংশই আসে পোশাক রফতানি থেকে।
তিনি বলেন, তদুপরি শিল্পটি জ্বালানি ও কাঁচামালের ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির সাথে সাথে, পোশাক শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি বাস্তবায়নের চ্যালেঞ্জিং কাজটিও নিয়েছে।
ফারুক হাসান বলেন, এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পোশাক ও অন্যান্য রফতানিমুখী পণ্যের উপর নগদ সহায়তা কমানোর সরকারের আকস্মিক সিদ্ধান্ত রফতানি ও সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা যাচ্ছে।
বিজিএমইএ সভাপতি সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে আগের মতো নগদ সহায়তা অব্যাহত রাখার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন যে সরকার পোশাক শিল্পকে সহযোগিতা করার জন্য নগদ সহায়তার বিষয়টি দেখবে।
সময়ের আলো/জিকে