শরিয়াহভিত্তিক বেসরকারি এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হতে যাচ্ছে চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক। তবে দুই ব্যাংক একীভূত হওয়ার পর কি নাম হবে তার নিজেদেরই ঠিক করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (১৪ মার্চ) এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন বাংলাদেশ ব্যাংকের অনুমোদন অপেক্ষা। অনুমোদন পেলেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।
এ বিষয়ে জানতে চাইলে পদ্মা ব্যাংকের চেয়ারম্যান আফজাল করিম বলেন, এ বিষয়ে আলোচনা হয়েছে। চূড়ান্ত কিছু হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এর বেশি কিছু বলা যাবে না।
এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফিরোজ হোসেন বলেন, একীভূতকরণের বিষয়ে আলোচনা চলছে। আজ এ বিষয়ে মিটিং হবে এবং মিটিং শেষে সিদ্ধান্ত হবে। একীভূত হতে পারে। মিটিংয়ের পরেই জানা যাবে।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে জানান, আমানতকারীদের সুরক্ষা দিতে দুর্দশাগ্রস্ত পদ্মা ব্যাংককে অন্য ব্যাংকের সঙ্গে একীভূত করা হবে।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, খেলাপি ঋণসহ নানা কেলেঙ্কারিতে জড়িত হয়ে দীর্ঘদিন ধরে দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে এমন ডজন খানেকের বেশি ব্যাংক রয়েছে। এসব ব্যাংক এখন দেশের পুরো ব্যাংক খাতের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই বিভিন্ন দেশের মডেল অনুসরণ করে একীভূতকরণ বা মার্জার করা হবে।
এদিকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একীভূত (মার্জার) করতে একটি রোডম্যাপ ঠিক করার পাশাপাশি ব্যাংকগুলোকে এক বছর সময় দিয়ে ‘প্রম্পট কারেক্টিভ অ্যাকশন’ বা পিসিএ প্রক্রিয়ার মধ্যে দিয়ে নেওয়া হচ্ছে।
এ প্রক্রিয়ায় ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার, মূলধনের পর্যাপ্ততা, নগদ অর্থের প্রবাহ, ঝুঁকিভিত্তিক সম্পদের তথ্যকে প্রাধান্য দিয়ে আর্থিক স্বাস্থ্যের বিভিন্ন সূচক ঠিক করে দেওয়া হয়েছে।
সেই সূচকে কাঙ্ক্ষিত মানদণ্ডের নিচে থাকা ব্যাংকগুলোকে ‘দুর্বল’ শ্রেণিভুক্ত করবে বাংলাদেশ ব্যাংক। দুর্বল ব্যাংক টেনে তোলার শেষ পদক্ষেপ হিসেবে অন্য ভালো ব্যাংকের সঙ্গে একীভূত করার বিষয়টি আসবে। সরকারও তাতে সায় দিয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেন, মার্জার প্রক্রিয়া বিশ্বে নতুন নয়, অন্য দেশেও হয়েছে। এ নিয়ে ব্যাংকগুলোকে আমরা ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছি। তারা যাতে নিজেরাই মার্জারে যেতে পারে। ব্যাংকগুলো যদি একীভূত হওয়ায় সম্মত হয়ে সিদ্ধান্ত নিয়ে আসে বাংলাদেশ ব্যাংকে তাহলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। আর একীভূত হওয়ার পরে তাদের নাম কী হবে তা ব্যাংকগুলো সিদ্ধান্ত নেবে।
সময়ের আলো/জেডআই