এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ (এমডি) থেকে পদত্যাগ করেছেন তারিক আফজাল। তিনি আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য। রোববার ব্যাংকটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
ব্যাংক সূত্রে জানা গেছে, রোববার তারিক আফজাল কানাডা থেকে দেশে ফিরে যোগদান করার কথা থাকলেও তিনি যোগ দেননি। যোগদান না করে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। সেখানে শারীরিক নানা অক্ষমতার কথা উল্লেখ করেছেন। তারিক আফজাল ২০১৮ সালে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে এবি ব্যাংকে যোগদান করেন। ২০১৯ সালের ৮ জুলাই তিনি প্রেসিডেন্ট অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর হন। জানা গেছে, তারিক আফজালের স্ত্রী দীর্ঘদিন ধরে কানাডায় চিকিৎসাধীন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দীর্ঘদিন অফিসে অনুপস্থিত ছিলেন। পরে স্ত্রীর অসুস্থতার কারণ জানিয়ে তিনি ছুটি বৃদ্ধি করেন।
ব্যাংকটি কর্মকর্তারা জানান, আওয়ামী লীগের রাজনীতি করার কারণে তিনি চাপে ছিলেন। কেন্দ্রীয় ব্যাংকের বিচারে এককালের জৌলুসপূর্ণ এবি এখন রুগ্নপ্রায় ব্যাংকের উদাহরণ। ব্যাংকটির পেছনে ঘুরতে হচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদকের তদন্ত কর্মকর্তাদের, গ্রেফতারি পরোয়ানা নিয়ে আসছেন থানা পুলিশ। এমন দৃশ্যে ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন আমানতকারীসহ গ্রাহকদের আনাগোনা বাড়তে থাকে ব্যাংকের শাখাগুলোতে।
প্রসঙ্গত, বিএনপি নেতা এম মোরশেদ খানের উদ্যোগে ১৯৮২ সালে এবি ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
সময়ের আলো/আরএস/