ঢাকার গুলশান থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের এসআই আবু জাফর বিশ্বাস তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
অপরদিকে তারপক্ষে আইনজীবী রিমান্ডের আবেদন বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। এছাড়া রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান জামিনের আবেদন নাকচ করে রিমান্ডের এ আদেশ দেন।
জানা যায়, গত ১৯ জুলাই গুলশান থানাধীন প্রগতি সরণিতে আন্দোলন চলাকালে মো. বাহাদুর হোসেন মনির রাস্তা পার হওয়ার সময় গুলিবিদ্ধ হন। পরে মনিরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন ৷ এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর মনিরের বাবা মো. আবু জাফর রাজধানীর গুলশান থানায় শেখ হাসিনাসহ ১০৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
সময়ের আলো/আরআই