ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়ার পাশাপাশি দিল্লির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা করবে অন্তর্বর্তী সরকার।
ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে ঢাকা-দিল্লির সম্পর্ক স্বাভাবিক হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বুধবার সাংবাদিকদের বলেন, দেখুন, আমি মনে করি দুটো পাশাপাশি চলবে। এটা (হাসিনাকে ফেরত আনা) হলো একটা ইস্যু। আমাদের আরও অনেক স্বার্থের ইস্যু আছে দুই পক্ষের। আমরা সেগুলো নিয়েও পাশাপাশি আগাবো।
জুলাাই আগষ্টে ছাত্র জনতার গণঅভ্যূত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া সংক্রান্ত ইস্যুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির সংসদের উচ্চ-কক্ষ রাজ্যসভায় গত ৬ আগষ্ট বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদনের প্রেক্ষিতে ভারত সরকার তাকে সাময়িক আশ্রয়ের অনুমতি দিয়েছে।
শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরাতে গত ২৩ ডিসেম্বর ভারতকে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে যে ভারত ওই কূটনৈতিক পত্রের কোনো জবাব দেয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত কূটনৈতিক পত্রের জবাব স্বাভাবিখ সময়ের মধ্যে না দিলে তাগিদ পত্র দেওয়া হবে।
সময়ের আলো/জেডআই