বিমানযাত্রী বেশে পেটের ভেতর ইয়াবা ট্যাবলেট বহনকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ হাজার ৯ পিস ইয়াবাসহ মো. শাহ আলম শেখ (৪১) নামে একজন মাদক কারবারিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীন বিজি-৪৩৪ (BG-434) ফ্লাইট যোগে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে মো. শাহ আলম শেখকে বিমানবন্দর বলাকা ভবনের উত্তর পার্শ্ব এলাকা থেকে আটক করা হয়। তাকে বিমানবন্দর আর্মড পুলিশ অফিসে নিয়ে আসা হলে সে পাকস্থলীতে সুকৌশলে ইয়াবা পরিবহন করছে বলে নিশ্চিত করেন। এয়ারপোর্টে কর্তব্যরত চিকিৎসকের শরণাপন্ন হলে এক্স-রে পরীক্ষায় তার পেটে ডিম্বাকৃতির ৪১টি বস্তুর সন্ধান মেলে। পরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে ডাক্তারদের তত্ত্বাবধানে তার পায়ুপথ দিয়ে প্রাকৃতিক কার্য সম্পাদনের মাধ্যমে কসটেপ মোড়ানো অবস্থায় ৪১ পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এগুলো খুলে মোট ২ হাজার ৯ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটক শাহ আলম শেখ দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও পরিবহনের সঙ্গে যুক্ত বলে জানা গেছে।
এছাড়া সাম্প্রতিক সময়ে বিমানবন্দর আর্মড পুলিশের হাতে ২০২৪ সালের ৮ নভেম্বর একই পদ্ধতিতে মাদক পরিবহন করতে গিয়ে ৩ হাজার ৮০ পিস ইয়াবাসহ জুয়েল মিয়া (৩৩) এবং ১৬ ডিসেম্বর ৩ হাজার ৫৮৮ পিস ইয়াবাসহ মো. পলাশ (২৮) নামে আরো দুইজন মাদক কারবারীকে আটক হয়।
এ ব্যাপারে জানতে চাইলে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার এডিশনাল ডিআইজি সিহাব কায়সার খান জানান, ‘পূর্বের তুলনায় ইদানিং বিমানবন্দর ব্যবহার করে মাদক পরিবহনের তৎপরতা বেশী লক্ষ করা যাচ্ছে। আমরা বিমানবন্দর ঘিরে সকল অপরাধ কার্যক্রম রোধে সচেষ্ট আছি।’