বোধগম্যের অভাব না থাকলেও আমাদের কর্মদক্ষতার অভাব রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সভাপতি (সিনিয়র সচিব) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, বছরের পর বছর কর্মদক্ষতার অভাবের কথাগুলো নিয়ে সরকারের নীতিনির্ধারক পর্যায়ে আলোচনা হয়ে আসছে, সেগুলো বাস্তবায়ন কতটা হয়েছে বলে প্রশ্ন রাখেন তিনি।
শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর শেরে বাংলানগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত এক সিম্পোজিয়ামে এসব কথা বলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ 'শ্বেতপত্র এবং অতঃপর অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট' শীর্ষক সিম্পোজিয়ামের আয়োজন করে। এসময় চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, হঠাৎ করেই কোনো কিছু বদলানো বা পরিবর্তন করা যায় না। সরকারের কোন কিছু করতে গেলেই আইন বদলাতে হবে।
অর্থনৈতিক জোনের পরিকল্পনা উল্লেখ করে তিনি বলেন, একশত ইকোনমিক জোন থেকে কমিয়ে আগামী দুবছরে ৫টি সরকারি অর্থনৈতিক জোন নিয়ে কাজ করবে বেজা। একই সঙ্গে এই কাজগুলো দুবছরের মধ্যে সম্পন্ন করবে।
সময়ের আলো/এএ/