সায়মা ওয়াজেদকে নিয়ে ভাবমূর্তি সংকটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ পাওয়ার অভিযোগ তদন্ত

2025-01-27T00:39:44+00:00
2025-01-27T00:39:44+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
সায়মা ওয়াজেদকে নিয়ে ভাবমূর্তি সংকটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
দ্য ল্যানসেটের প্রতিবেদন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১২:৩৯ এএম 
সায়মা ওয়াজেদকে নিয়ে ভাবমূর্তি সংকটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ পাওয়ার অভিযোগ তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। এ কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক ভাবমূর্তি খর্ব হচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির সাবেক শীর্ষ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা। 

২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালকের পদে নিযুক্ত হন পুতুল, যিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা।

যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী মেডিকেল জার্নাল ‘দ্য ল্যানসেট’ শনিবার (২৫ জানুয়ারি) পুতুলের নিয়োগে দুর্নীতির আশ্রয় নেওয়ার অভিযোগ তদন্তের ওপর প্রতিবেদন প্রকাশ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনা সংস্থাটির জন্য ভাবমূর্তি সংকট তৈরি করেছে। দ্য ল্যানসেট লিখেছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদের দুর্নীতির মাধ্যমে পদে বসার অভিযোগের তদন্ত শুরু হয়েছে। ‘তার মা (শেখ হাসিনা) যোগ্যতা না থাকা সত্ত্বেও মেয়েকে নিয়োগের জন্য অনৈতিকভাবে তার ক্ষমতা ব্যবহার করেছেন  বলে অভিযোগ রয়েছে,’ দ্য ল্যানসেটকে বলেছেন দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম।

পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে একটি চিঠিতে সায়মা ওয়াজেকে বিশ্ব স্বাস্থ্য থেকে অপসারণের জন্য সংস্থাটির ওপর চাপ প্রয়োগের অনুরোধ করেছে দুদক।  দ্য ল্যানসেট লিখেছে, শেখ হাসিনা অনৈতিকভাবে তার মেয়ের প্রোফাইল ভারী করার জন্য তার অবস্থান ব্যবহার করেছেন; যার অংশ হিসেবে সায়মা ওয়াজেদকে ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে হাই-প্রোফাইল রাষ্ট্রীয় সফরে নিয়ে যান শেখ হাসিনা। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক শীর্ষ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলছেন, পুতুলকে এভাবে নিয়োগ দেওয়ায় সংস্থাটির বৈশ্বিক ভাবমূর্তি খর্ব হচ্ছে। এই সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে বসার ক্ষেত্রে তার যোগ্যতার অভাব ও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। বিষয়টি তার নিয়োগের সময়ই ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক পরিচালক মুকেশ কপিলা সায়মা ওয়াজেদের এই অস্বচ্ছ নিয়োগের কড়া সমালোচনা করেছেন।  তিনি বলেছেন, ‘সায়মা ওয়াজেদকে ঘিরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক ভাবমূর্তিতে খারাপ অভিজ্ঞতার ছাপ ফেলেছে। শুধু এই অঞ্চলের জন্যই তা হয়নি, বরং বিশ্বজুড়েই সে প্রভাব পড়েছে। অবশ্যই এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন প্রক্রিয়া ও স্বচ্ছতাকেও খাটো করে তুলেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষদের জন্য এই অস্বচ্ছতা অভিযোগের মওকা হয়ে উঠেছে। ট্রাম্পের মতো মানুষ, যারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নিজেদের দেশকে প্রত্যাহার করে নিতে চান, তাদের জন্য বিরাট সুযোগ করেছে দুর্নীতির মাধ্যমে এই নিয়োগের ঘটনা।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র তারিক জাসারেভিচ বলেন, ‘যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাচনি প্রক্রিয়া কোনো সদস্য দেশের মাধ্যমে বা তাদের অভ্যন্তরেই কারও বিরুদ্ধে অন্যায় করার অভিযোগ ওঠে, তা হলে সংশ্লিষ্ট জাতীয় কর্তৃপক্ষ যথাযথভাবেই সেই অভিযোগ তদন্ত করতে পারে। এসব ক্ষেত্রে কোনো আইনগত প্রক্রিয়া নিয়ে মন্তব্য করে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা।’

দ্য ল্যানসেট বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হওয়ার ক্ষেত্রে যোগ্যতায় ঘাটতি ছিল সায়মা ওয়াজেদের। তার চেয়ে বেশি যোগ্যতা ছিল পুতুলের প্রতিদ্বন্দ্বী নেপালের বিশেষজ্ঞ চিকিৎসক শম্ভু প্রসাদ আচার্যের। অথচ সাময়া ওয়াজেদের মা প্রভাব খাটিয়ে দুর্নীতিপরায়ণ চর্চার মাধ্যমে তার নিয়োগ নিশ্চিত করেছেন।’

দ্য ল্যানসেটকে দুদক কর্মকর্তা আকতারুল ইসলাম বলেছেন, ‘সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ পাওয়ার শর্তগুলো যথাযথভাবে পূরণ করেছেন কি না অথবা এ প্রক্রিয়ায় কোনো প্রভাবের কারণে তিনি পছন্দের প্রার্থী ছিলেন কি না, সেসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক কমিটির প্রবিধানের ৪৯ ধারায় বলা হয়েছে, আঞ্চলিক পরিচালক হওয়ার জন্য শক্তিশালী প্রযুক্তিগত এবং জনস্বাস্থ্য বিষয়ক প্রাজ্ঞতা, বৈশ্বিক স্বাস্থ্য সম্পর্কে অভিজ্ঞতা এবং জনস্বাস্থ্যে নেতৃত্ব দেওয়ার ঐতিহাসিক তথ্যপ্রমাণ থাকা আবশ্যক।
দ্য ল্যানসেট লিখেছে, এসব প্রয়োজন হলেও সায়মা ওয়াজেদের আছে শুধু ক্লিনিক্যাল সাইকোলজি বিষয়ে এমএসসি ডিগ্রি। তার আর কোনো আনুষ্ঠানিক মেডিকেল বা জনস্বাস্থ্য বিষয়ক একাডেমিক যোগ্যতা নেই। অবশ্য ২০২৩ সালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানজনক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। অটিজম এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে কাজ করায় তার বৈশ্বিক স্বাস্থ্যে সীমিত কাজের অভিজ্ঞতা আছে। এর মধ্যে আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং চ্যাথাম হাউসে উপদেষ্টার ভূমিকা। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নেপালের শম্ভু প্রসাদ আচার্য, যিনি সংস্থাটির সঙ্গে অন্তত ৩০ বছর কাজ করেছেন। জনস্বাস্থ্যে ডক্টরেট ডিগ্রিও রয়েছে শম্ভু প্রসাদের।
ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারে বৈশ্বিক স্বাস্থ্য ও মানবতা বিষয়ক অধ্যাপক ও জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক পরিচালক মুকেশ কপিলা দ্য ল্যানসেটকে বলেছেন, ‘তার (সায়মা ওয়াজেদ) নিয়োগ নিয়ে তদন্তের অধিকার আছে সে দেশের দুর্নীতিবিরোধী সংস্থা দুদকের।’

সায়মা ওয়াজেদের বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে এর আগেও কথাবার্তা হয়েছে, বিদেশি পত্রিকায় সমালোচনা করে খবরও হয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্ষেত্রে পুতুলের নিয়োগ নিয়ে জটিলতায় পড়া প্রথম ঘটনা নয়। এর আগেও সংস্থাটির আঞ্চলিক পর্যায়ের আরও কিছু পরিচালক নিয়োগের ক্ষেত্রে কেলেঙ্কারির খবর রয়েছে। ২০২৩ সালের মার্চে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক তাকেশি কাসাইকে দুর্নীতির অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অপসারণ করা হয়। ফলে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে পুতুলকেও অপসারণ করার ক্ষমতা আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলার তদন্ত চলছে। একই ধরনের মামলার কারণে তীব্র সমালোচনার মুখে যুক্তরাজ্যে মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে তার খালাতো বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে। শেখ হাসিনার পুরো পরিবার দুর্নীতি, হত্যা, গণহত্যার বিভিন্ন মামলায় এখন আসামি; তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলমান।

সময়ের আলো/আরএস/ 



Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: