মঙ্গলবার সকাল প্রায় ৯টা। তখনও ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল রাজধানীর আকাশ।এর আগে ভোরে ঘন কুয়াশার কারণে অনেক এলাকার যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছিল। একইসঙ্গে ছিল হিম বাতাসও। আর এমন অবস্থা শুধু ঢাকাতেই ছিল না। বরং রাজধানীসহ দেশের দক্ষিণাঞ্চলের অনেক স্থানেই ঘন কুয়াশায় আচ্ছন্ন দেখা গেছে।
আবার অনেকে এলাকায় বৃৃষ্টির মত কুয়াশাও পড়তে দেখা গেছে। যদিও বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশা অনেক স্থানে কেটে যায়। রোদ ওঠে।
আবহাওয়া অধিদফতর বলেছে, ফেব্রুয়ারি মাসে দক্ষিণাঞ্চলে মূলত এ ধরনের কুয়াশা হয়। তবে এখন তা রাজধানী বা দেশের মধ্যাঞ্চল পর্যন্ত তা বিস্তৃত হয়েছে। আগামী দুয়েক দিন এমন কুয়াশা থাকতে পারে সকালের দিকে। আবার দেশের দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনাও আছে। সেই সঙ্গে রাতের তাপমাত্রাও বাড়বে বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা/গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। পাশাপাশি সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এছাড়া আগামী পাঁচদিনে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।