বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার এবং বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন থেকে বাদ দেয়া হয়েছে বঙ্গবন্ধুর নাম।
মঙ্গলবার (৪ মার্চ) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ২৩তম বৈঠকে এটি অনুমোদন করা হয়। তবে এসব আইনে কী সংশোধন আনা হয়েছে, সে বিষয়ে কিছু বলা হয়নি।
বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা জানান।
তিনি বলেন, ‘বিপুলসংখ্যক প্রতিষ্ঠানের বিশেষ পরিবারের নামে নামকরণ করা হয়েছিল। আমরা দুটো প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন (সংশোধন) অধ্যাদেশ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার আইন থেকে বঙ্গবন্ধুর নাম বাদ দেয়া হয়েছে।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা ২০২৪ বাতিলের প্রস্তাবও অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
এছাড়াও ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহিদ সেনা দিবস’ পালনের প্রস্তাব এবং রোজার মাসে সরকারি ও আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিসের সময়সূচি নির্ধারণের প্রস্তাব ভূতাপেক্ষ অনুমোদন দেয়া হয়েছে।