‘মানবতাবিরোধী অপরাধে হাসিনার বিচার হবে’

সময়ের আলো ডেস্ক

জাতীয়

মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ

2025-03-05T09:56:09+00:00
2025-03-05T10:23:04+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
‘মানবতাবিরোধী অপরাধে হাসিনার বিচার হবে’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৯:৫৬ এএম  আপডেট: ০৫.০৩.২০২৫ ১০:২৩ এএম
‘মানবতাবিরোধী অপরাধে হাসিনার বিচার হবে’
মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া অপরাধের সঙ্গে জড়িত তার পরিবারের সদস্য ও সহযোগীদেরও বিচার হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় গুমের ঘটনা তদারকির পাশাপাশি গত বছরের জুলাই ও আগস্টে বিক্ষোভকারীদের ওপর গণহত্যা চালানোর জন্য অভিযুক্ত হয়েছেন।

বুধবার (৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে স্কাই নিউজ। স্কাই নিউজকে ড. ইউনূস বলেন, ‘বিচার হবে। শুধু তার (হাসিনা) নয়, তার সঙ্গে জড়িত সব লোক— তার পরিবারের সদস্য, তার ক্লায়েন্ট বা সহযোগীদেরও।’

ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টের শুরুতে হাসিনা পালিয়ে যান ভারতে। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন।

পটপরিবর্তনের পর প্রকাশ্যে আসছে আওয়ামী লীগ সরকারের গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ বিভিন্ন চিত্র।

হাসিনার বিরুদ্ধে গোপন আটক কেন্দ্রগুলোর একটি নেটওয়ার্কের তদারকি করার অভিযোগ রয়েছে। এসব গোপন আটক কেন্দ্রে তার রাজনৈতিক প্রতিপক্ষদের জিজ্ঞাসাবাদ করা হতো, নির্যাতনও করা হতো এবং কয়েকজনকে হত্যাও করা হয়েছিল — আর এই সবই করা হয়েছিল ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের’ ব্যানারে।

মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনার বিরুদ্ধে এরই মধ্যে দুটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা বলেছেন, (হাসিনাকে ফেরত চেয়ে) তারা আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন কিন্তু নয়াদিল্লি থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, হাসিনা অবশ্যই আদালতের মুখোমুখি হবেন, আর সেটা সশরীরে বাংলাদেশে উপস্থিত থেকে হোক বা ভারতে থেকেই হোক।

হাসিনার বিরুদ্ধে তার নিরাপত্তা বাহিনী এবং পুলিশকে ব্যবহার করে শত শত নেতাকর্মীকে অপহরণ, নির্যাতন ও হত্যার তদারকির অভিযোগ রয়েছে। হাসিনা, তার ঘনিষ্ঠ সহযোগী এবং প্রায় ৮০০ গোপন কারাগারের নেটওয়ার্ক তদারকি করার দায়ে অভিযুক্তদের অনেকেই বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন।

এ বিষয়ে ড. ইউনূস বলেন, অভিযুক্ত অপরাধের সঙ্গে জড়িত লোকের সংখ্যা এবং পরিসর (বেশি হওয়ায়) কাজ করতে সময় লাগছে। সবাই এই অপরাধে জড়িত ছিল। পুরো সরকার এর সঙ্গে জড়িত ছিল। সুতরাং এটা বের করা কঠিন যে— কারা সত্যিই এবং উৎসাহের সঙ্গে এই অপরাধগুলো করছিল। আর কারা উচ্চপদস্থদের আদেশের অধীনে এসব কাজ করেছিল এবং কারা পুরোপুরি এসব অপরাধের সমর্থনকারী না হলেও এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে গিয়েছিল।

জাতিসংঘের অনুমান, হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগের দিনগুলোতে সরকারের সহিংস দমন-পীড়নে ১৪০০ জন নিহত হয়েছিলেন।

শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও দেশ ছেড়ে পলায়নের পর তার পরিবারের সদস্যসহ অনেকের বিরুদ্ধেই নানা অভিযোগ সামনে আসছে এবং দুর্নীতিবিরোধী তদন্ত চলছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) যাদের বিরুদ্ধে তদন্ত করছে তাদের একজন ব্রিটিশ লেবার এমপি টিউলিপ সিদ্দিক। তিনি শেখ হাসিনার ভাগ্নী।

প্রধান উপদেষ্টা বলেন, টিউলিপের বিরুদ্ধে মামলাটি খুবই গুরুতর। দেশে তার বিপুল পরিমাণ সম্পদ রয়েছে এবং সবকিছু খতিয়ে দেখা হবে।

বাংলাদেশে দুর্নীতির তদন্তে নাম আসার পর গত জানুয়ারি মাসে টিউলিপ সিদ্দিক ব্রিটেনের দুর্নীতিবিরোধী মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন।

Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: